লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের ভোট গণনায় নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে। মোট ভোটের ৭৮ শতাংশ গণনা শেষ হওয়ার পর ডেমোক্র্যাট প্রার্থী নিথ্যা রমন রিপাবলিকান প্রার্থী স্পেনসার প্র্যাটের খুব কাছাকাছি পৌঁছে গেছেন।
সর্বশেষ ফলাফলে দেখা গেছে, লস এঞ্জেলেস সিটি কাউন্সিল সদস্য নিথ্যা রমন পেয়েছেন ২৬ দশমিক ২১ শতাংশ ভোট। অন্যদিকে রিয়েলিটি টিভি তারকা স্পেনসার প্র্যাট ২৭ দশমিক ৩২ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান এখন প্রায় ১ শতাংশ।
বর্তমান মেয়র কারেন ব্যাস ৩৪ দশমিক ৮১ শতাংশ ভোট পেয়ে ইতোমধ্যে সাধারণ নির্বাচনে জায়গা নিশ্চিত করেছেন। নভেম্বরে অনুষ্ঠিতব্য রানঅফ নির্বাচনে কারেন ব্যাসের মুখোমুখি হবেন দ্বিতীয় স্থান অর্জনকারী প্রার্থী।
শনিবার সকালেও স্পেনসার প্র্যাটের ভোট ছিল ২৮ দশমিক ২৪ শতাংশ, আর নিথ্যা রমন ছিলেন ২৪ দশমিক ৮৯ শতাংশে। তবে পরবর্তী ভোট গণনায় রমন দ্রুত ব্যবধান কমিয়ে আনেন।
সর্বশেষ ফলাফল প্রকাশের পর স্পেনসার প্র্যাট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। তিনি ‘এ বিউটিফুল মাইন্ড’ চলচ্চিত্রের একটি জটিল গণিতের সমীকরণসংবলিত মিম শেয়ার করে লেখেন, “লস এঞ্জেলেসে ভোট কীভাবে গণনা হয়, তা বোঝার চেষ্টা করছি।”
অন্যদিকে নিথ্যা রমন এখন পর্যন্ত নতুন ভোটের হিসাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো মন্তব্য করেননি।
এদিকে ভোটের ফলাফলে পরিবর্তনের মধ্যেই ক্যালিফোর্নিয়ায় একাধিক নির্বাচন জালিয়াতির অভিযোগ তদন্তের বিষয়টি সামনে এসেছে। ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, কয়েকটি নির্বাচন নিয়ে তদন্ত চলছে, তবে কোন কোন নির্বাচন তদন্তের আওতায় রয়েছে তা প্রকাশ করা হয়নি।
মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি তদন্তের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের একদিন পর। ট্রাম্প চলমান নির্বাচন নিয়ে “ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাটদের বড় ধরনের কারচুপি” হয়েছে বলে দাবি করেছিলেন। তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
এলএবাংলাটাইমস/ওএম