লস এঞ্জেলেস

সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ক্লেমেন্টে সৈকতে একজন নারী হাঁটার সময় মানুষের চোয়ালের একটি অংশ ও কয়েকটি দাঁত খুঁজে পেয়েছেন। এ ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। গত ১৭ জুন দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে লিন্ডা লেন বিচ এলাকায় বালুর মধ্যে ওই মানবদেহের অংশ দেখতে পান ওই নারী। পরে তিনি কাছাকাছি থাকা এক লাইফগার্ডকে বিষয়টি জানান। লাইফগার্ড সঙ্গে সঙ্গে অরেঞ্জ কাউন্টি শেরিফস ডিপার্টমেন্টকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা পরীক্ষা করে নিশ্চিত হন যে উদ্ধার হওয়া দাঁত ও চোয়ালের অংশ মানুষের। অরেঞ্জ কাউন্টি শেরিফস ডিপার্টমেন্টের মুখপাত্র সার্জেন্ট লিজবেথ গুইসদাল্লা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে চোয়ালের অংশটি একজন নেটিভ আমেরিকান (আদিবাসী আমেরিকান) ব্যক্তির হতে পারে। তিনি বলেন, উদ্ধার হওয়া দাঁত ও চোয়ালের অংশ আরও তদন্তের জন্য নেটিভ আমেরিকান হেরিটেজ কমিটির কাছে পাঠানো হয়েছে। কর্মকর্তাদের মতে, সান ক্লেমেন্টে এলাকায় ঐতিহাসিকভাবে হুয়ানেনো ব্যান্ড অব মিশন ইন্ডিয়ানস অ্যাকজাচেমেন নেশন নামে পরিচিত আদিবাসী জনগোষ্ঠীর বসবাস ছিল। তাই মানবদেহের এই অংশের উৎস ও পরিচয় নির্ধারণে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। সার্জেন্ট গুইসদাল্লা বলেন, “এটি কোথা থেকে এসেছে এবং এর পেছনের ইতিহাস কী, তা জানতে পুরো একটি তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।” এ ঘটনায় এখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি।   এলএবাংলাটাইমস/এম