লস এঞ্জেলেস

মুরিয়েটায় ‘ভলকানো’ দাবানল, বেশিরভাগ উচ্ছেদ আদেশ প্রত্যাহার

ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির মুরিয়েটা এলাকার কাছে ছড়িয়ে পড়া ‘ভলকানো ফায়ার’ নামের দাবানলের পরিস্থিতির উন্নতি হওয়ায় বেশিরভাগ এলাকার বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। তবে একটি এলাকায় এখনো উচ্ছেদ আদেশ এবং কয়েকটি এলাকায় সতর্কতা বহাল রয়েছে। রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে লা ক্রেস্তা এলাকার ভিয়া ভলকানো ও তেনাহা রোডের কাছে ঝোপঝাড়ে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দমকল বিভাগের একাধিক স্থল ও আকাশপথের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দমকলকর্মীরা জানান, মাঝারি থেকে ঘন ঝোপঝাড়ের মধ্যে আগুন মাঝারি গতিতে ছড়িয়ে পড়ছিল। ক্যাল ফায়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ‘ভলকানো ফায়ার’-এ এখন পর্যন্ত ১৩৮ একর এলাকা পুড়ে গেছে। মঙ্গলবার রাত পর্যন্ত আগুনের ২৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হওয়ায় অধিকাংশ উচ্ছেদ আদেশ তুলে নেওয়া হয়েছে। বর্তমানে শুধু আরভিসি-২১৪৬ নম্বর এলাকা বাধ্যতামূলক উচ্ছেদ আদেশের আওতায় রয়েছে। এছাড়া আশপাশের কয়েকটি এলাকায় এখনো সরিয়ে নেওয়ার সতর্কতা কার্যকর রয়েছে। জননিরাপত্তার স্বার্থে শেরিফের কর্মকর্তারা ভিয়া ভলকানোর পশ্চিম দিকে তেনাহা রোডে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। উচ্ছেদ হওয়া বাসিন্দাদের জন্য টেমেকুলার চ্যাপারাল হাই স্কুল-এ একটি অস্থায়ী আশ্রয় ও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। আর যাদের বড় আকারের গৃহপালিত প্রাণী রয়েছে, তাদের সেগুলো মুরিয়েটা ইকুয়েস্ট্রিয়ান সেন্টার-এ কাউন্টি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম