লস এঞ্জেলেস

'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা কমানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিচার বিভাগের এক অনুষ্ঠানে এ সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি একে অপরাধীদের পরিবারের প্রতি অন্যায় এবং বিচারব্যবস্থার জন্য বড় ধাক্কা হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে নিউজমের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তিনি। চলতি মাসের শুরুতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ঘোষণা দেন, অঙ্গরাজ্যের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সবার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হবে। তবে প্যারোলের মাধ্যমে মুক্তির কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ, বন্দিদের বিরুদ্ধে দেওয়া অপরাধের সাজা বহাল থাকবে, কিন্তু তাঁদের আর মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে হবে না। মৃত্যুদণ্ডের বিরোধিতায় নিউজমের অবস্থান অবশ্য নতুন নয়। ২০১৯ সালে তিনি ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ড কার্যকরের ওপর রাজ্যব্যাপী স্থগিতাদেশ জারি করেন। এর পর থেকে অঙ্গরাজ্যটিতে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। সর্বশেষ ২০০৬ সালে ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। নিউজমের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মৃত্যুদণ্ড বিলোপের পক্ষে থাকা অধিকারকর্মীরা। ডেথ পেনাল্টি ফোকাসের মাইক ফ্যারেল বলেন, মৃত্যুদণ্ড বিলোপ করা উচিত। কারণ, এই শাস্তি অন্যায় এবং এটি ক্ষতির কারণ হচ্ছে। তবে ট্রাম্পের অবস্থান সম্পূর্ণ বিপরীত। তাঁর মতে, নিউজমের সিদ্ধান্তে অপরাধের শিকার ব্যক্তিদের পরিবার এবং বিচারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবারের বক্তব্যে ট্রাম্প বলেন, রাজনৈতিক ব্যবস্থা ও সরকারের ভুল সিদ্ধান্তের কারণে ভুক্তভোগীদের পরিবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। তাঁদের পাশে দাঁড়ানোর কথাও বলেন তিনি। নিউজমের সিদ্ধান্তের সমালোচনা করেছেন কয়েকজন প্রসিকিউটর এবং নিহত ব্যক্তিদের স্বজনেরাও। তাঁদের যুক্তি, আদালতে বিচারক ও জুরির দেওয়া সাজা এভাবে পরিবর্তন করা ন্যায়বিচারের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। সিদ্ধান্ত ঘোষণার আগে অনেক পরিবারকে বিষয়টি জানানো হয়নি বলেও অভিযোগ উঠেছে। সমালোচকদের মধ্যে রয়েছেন মার্ক ক্লাস। ১৯৯৩ সালে ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টিতে ঘুমানোর আয়োজনের সময় তাঁর ১২ বছর বয়সী মেয়ে পলি ক্লাসকে বাড়ি থেকে অপহরণ করা হয়। পরে তাকে হত্যা করা হয়। ঘটনাটি সে সময় যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। পলি ক্লাসকে হত্যার দায়ে দণ্ডিত ব্যক্তিও নিউজমের সিদ্ধান্তে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরের আওতায় পড়বেন। মার্ক ক্লাস বলেন, তাঁদের পরিবারের ওপর যে যন্ত্রণা নেমে এসেছিল, তা বাস্তব। ন্যায়বিচারের বিষয়টি যেন রাজনৈতিক কর্মকাণ্ডে পরিণত না হয়। অন্যদিকে, লিখিত বক্তব্যে নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন নিউজম। এ সময় ট্রাম্পের নিজের ক্ষমা প্রদর্শনের রেকর্ডের কথাও তুলে ধরেন তিনি। রাজনৈতিক মিত্রসহ বিভিন্ন অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ক্ষমা এবং সাজা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে ট্রাম্পের অবস্থানের তুলনা করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। এ বিরোধের রাজনৈতিক প্রভাব নিয়েও আলোচনা হচ্ছে। কেটিএলএর আইন ও রাজনৈতিক বিশ্লেষক জেসিকা লেভিনসনের মতে, বিষয়টি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, নিউজমকে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। লেভিনসনের ভাষ্য, ট্রাম্প শুধু নিউজমের সিদ্ধান্তের সমালোচনা করছেন না; বরং তাঁকে জননিরাপত্তার বিষয়ে দুর্বল এবং জনগণের মতামতের বিপরীতে অবস্থান নেওয়া একজন নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তাঁর মতে, ক্যালিফোর্নিয়ার ভোটাররা একাধিকবার গণভোটে মৃত্যুদণ্ড বিলোপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এদিকে, নিউজমের সিদ্ধান্ত নিয়ে আইনি লড়াইয়ের সম্ভাবনাও রয়েছে। ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্ট এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ, সাজা কমানোর আওতায় থাকা অনেক বন্দি অন্য অপরাধেও দণ্ডিত হয়েছেন। ভুক্তভোগীদের অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন ইতিমধ্যে আদালতের কাছে এই সাজা পরিবর্তনের সিদ্ধান্ত আটকে দেওয়ার আবেদন জানিয়েছে।