লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

ক্যালিফোর্নিয়ার ১৫ ফ্রিওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কলেজের এক শিক্ষার্থী ও বাস্কেটবল খেলোয়াড়। নিহত জেনেই ওয়ালেস (২০) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ভিক্টরভিল এলাকার বাসিন্দা ছিলেন। গত ১৫ জুলাই দুপুর প্রায় ১টা ৫৩ মিনিটে কাজন পাস এলাকার কেনউড অ্যাভিনিউয়ের উত্তরে দক্ষিণমুখী ১৫ ফ্রিওয়েতে দুর্ঘটনাটি ঘটে। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (সিএইচপি) জানায়, একটি হুন্ডাই ভেলোস্টার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ছেড়ে প্রায় ৮০ ফুট নিচের খাড়া ঢালে পড়ে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে তিনজনকে আটকে থাকতে দেখেন। কঠিন উদ্ধার অভিযানের মাধ্যমে তাদের বের করে আনা হয়। ঘটনাস্থলেই জেনেই ওয়ালেসকে মৃত ঘোষণা করা হয়। আহত অপর দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে হেলিকপ্টারে এবং অন্যজনকে বিশেষ উদ্ধার সরঞ্জামের মাধ্যমে ওপরে তুলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানায়নি কর্তৃপক্ষ। তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, বেঁচে যাওয়া দুজনের একজন গাড়িটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার তদন্ত চলছে। জেনেইর মা তামারা ওয়ালেস জানান, মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তারা বারবার ফোন করছিলেন। পরে এক পুলিশ কর্মকর্তা ফোনটি রিসিভ করে দুর্ঘটনার খবর জানান। তিনি বলেন, গাড়িতে থাকা অন্য দুজন ছিলেন তার মেয়ের এক বন্ধু এবং সেই বন্ধুর মা। মেয়ের স্মৃতিচারণ করে তামারা বলেন, “জেনেই ছিল অসাধারণ একজন মেয়ে। সে শুধু আমার মেয়ে নয়, আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। সব সময় হাসিখুশি থাকত, সবাইকে উৎসাহ দিত এবং ছোট ভাই-বোনের প্রতি খুবই স্নেহশীল ছিল।” জেনেই স্কুলজীবন থেকেই ভলিবল ও বাস্কেটবল খেলতেন। পরে ভিক্টর ভ্যালি কমিউনিটি কলেজের হয়ে বাস্কেটবল খেলছিলেন। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নারী পেশাদার বাস্কেটবল লিগ (ডব্লিউএনবিএ)-তে খেলার স্বপ্ন ছিল তার। তিনি আরও জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে পরিবারকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তামারা বলেন, “জেনেইর জীবনে অনেক স্বপ্ন ছিল। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সমবেদনা জানিয়েছেন এবং আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি শুধু চাই, আমার মেয়ের স্মৃতি সবাই মনে রাখুক।” জেনেইর কলেজের নারী বাস্কেটবল দলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলা হয়, “জেনেই শুধু আমাদের সতীর্থ ছিলেন না, তিনি ছিলেন একজন প্রিয় বন্ধু, কন্যা, বোন, নাতনি ও আমাদের পরিবারের মূল্যবান সদস্য। তার অবদান ও স্মৃতি কখনো ভোলা যাবে না।” জেনেই ওয়ালেসের স্মরণে ১৯ জুলাই বিকেল ৫টায় ক্যালিফোর্নিয়ার অ্যাপল ভ্যালির সিভিক সেন্টার পার্কে একটি স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া তার পরিবারের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচে সহায়তার জন্য একটি তহবিল সংগ্রহ কার্যক্রমও চালু করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম