লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

লস এঞ্জেলেসের বয়েল হাইটস এলাকায় একটি সেতু থেকে প্রায় ৪০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক নারী। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে ইস্ট ওয়াশিংটন বুলেভার্ডের ২৭৫০ নম্বর এলাকায়, সোটো স্ট্রিটের পূর্ব পাশে এক নারী সেতু থেকে নিচে পড়েছেন—এমন খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আহত নারী লস এঞ্জেলেস নদীর তীরে পড়ে আছেন। তবে তিনি পানির মধ্যে ছিলেন না। এরপর এলএএফডির এয়ার অপারেশনস বিভাগের সদস্যরা বিশেষ হোইস্ট (দড়ি ও উইঞ্চ) ব্যবস্থার মাধ্যমে তাকে উদ্ধার করে হেলিকপ্টারে তোলেন। উদ্ধারের আগে প্যারামেডিকদের নিচে নামিয়ে আহত নারীর শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। উদ্ধার অভিযান চলাকালে যান চলাচল নিয়ন্ত্রণে লস এঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) এবং শহরের পরিবহন বিভাগও ঘটনাস্থলে কাজ করে। তাৎক্ষণিকভাবে আহত নারীর পরিচয় বা তার শারীরিক অবস্থার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এছাড়া কী কারণে তিনি সেতু থেকে নিচে পড়ে যান, সেটিও এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম