লস এঞ্জেলেস

এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ক্রান্তীয় ঝড় এলিডার প্রভাবে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে বড় ঢেউ ও উত্তাল সমুদ্রের আশঙ্কা করা হচ্ছে। এ কারণে উচ্চ ঢেউয়ের (হাই সার্ফ) সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, সতর্কতাটি স্থানীয় সময় রোববার বিকেল ৫টা থেকে কার্যকর হবে এবং মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত বহাল থাকবে। আবহাওয়াবিদদের মতে, ঝড়টি স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকতগুলোতে শক্তিশালী স্রোত (রিপ কারেন্ট) ও ৪ থেকে ৭ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে। দক্ষিণমুখী সৈকতগুলোতে কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ৮ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ করে অরেঞ্জ কাউন্টির দক্ষিণাঞ্চল থেকে সান ডিয়েগো পর্যন্ত উপকূলে ঢেউ আরও বেশি শক্তিশালী হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত এলিডা দক্ষিণ-পশ্চিম মেক্সিকোর উপকূল থেকে কয়েকশ মাইল দূরে অবস্থান করছিল এবং ঘণ্টায় প্রায় ৬৫ মাইল বেগে অগ্রসর হচ্ছিল। তবে ঝড়টি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলের দিকে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এর বাতাসের গতি কমে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল নাগাদ বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ৩৫ মাইলে নেমে আসতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম