ক্যালিফোর্নিয়ার বিগ বিয়ার এলাকার জনপ্রিয় বল্ড ঈগল ‘জ্যাকি’ এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তার শরীরে তীব্র রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) এবং কিডনিতে প্রদাহ ধরা পড়েছে বলে জানিয়েছে ওজাই র্যাপটর সেন্টার।
গত সপ্তাহে বিগ বিয়ার লেকের উত্তর তীরে দুটি বল্ড ঈগলের হামলার শিকার হলেও জ্যাকির শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে সে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা।
ওজাই র্যাপটর সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছে, জ্যাকির অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক। যদিও সে সচেতন রয়েছে এবং খাবারও খাচ্ছে, তবুও এখনই তার সুস্থ হয়ে ওঠার বিষয়ে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।
চিকিৎসকরা এখনও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। ইঁদুর মারার বিষ (রোডেন্টিসাইড) অথবা সিসা ও দস্তার মতো ভারী ধাতুর বিষক্রিয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এক্স-রেতে তার শরীরে মাছ ধরার হুক, সীসার টুকরা বা অন্য কোনো ধাতব বস্তু পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের ভাষায়, বন্য প্রাণীর চিকিৎসায় সময় লাগে এবং সব প্রশ্নের উত্তর দ্রুত পাওয়া সম্ভব নয়। নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
জ্যাকি ও তার সঙ্গী ‘শ্যাডো’ বিগ বিয়ারের সবচেয়ে পরিচিত বল্ড ঈগল জুটি। পরিবেশবিষয়ক সংস্থা ফ্রেন্ডস অব বিগ বিয়ার ভ্যালি পরিচালিত লাইভ ক্যামেরার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তাদের জীবনযাপন অনুসরণ করেন। বর্তমানে এই জুটি তাদের দ্বিতীয় দফার দুটি ঈগলছানাকে বড় করে তুলছে।
জ্যাকি অসুস্থ হয়ে বাসা ছাড়ার পর থেকে শ্যাডো একাই ছানাদের দেখাশোনা করছে। মঙ্গলবারের লাইভ ভিডিওতে দেখা যায়, বিকেলে শ্যাডো বারবার ডাকছে। ধারণা করা হচ্ছে, সে তার অনুপস্থিত সঙ্গী জ্যাকিকেই খুঁজছিল।
ফ্রেন্ডস অব বিগ বিয়ার ভ্যালি জানিয়েছে, জ্যাকির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সে আগের চেয়ে বেশি প্রাণবন্ত এবং চিকিৎসাকর্মীদের সঙ্গে লড়াইও করছে, যা তার লড়াকু মানসিকতারই প্রমাণ। সহায়তায় খাবার খাওয়ার পাশাপাশি সে নিজেও খাবার তুলে খেতে পারছে এবং এখনও শক্তভাবে দাঁড়িয়ে ও ডালে বসতে সক্ষম হচ্ছে।
এলএবাংলাটাইমস/ওএম