যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন করে তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে অঞ্চলজুড়ে তাপমাত্রা দ্রুত বাড়ছে এবং কয়েকটি এলাকায় তা রেকর্ডের কাছাকাছি পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, কিছু এলাকায় টানা কয়েক দিন তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটেরও বেশি থাকতে পারে। এ কারণে অতিরিক্ত গরমে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
অ্যান্টেলোপ ভ্যালি, সান বার্নার্ডিনো কাউন্টি এবং রিভারসাইড কাউন্টির কিছু অংশে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক্সট্রিম হিট ওয়ার্নিং কার্যকর হয়েছে। এটি আগামী সোমবার রাত ৮টা পর্যন্ত বহাল থাকবে।
এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাকি এলাকাগুলোতে হিট অ্যাডভাইজরি জারি করা হয়েছে, যা সোমবার রাত পর্যন্ত কার্যকর থাকবে।
লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৯৪ ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন ৬৮ ডিগ্রি থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৯৭ ডিগ্রির আগের রেকর্ডের কাছাকাছি পৌঁছাতে পারে।
ভ্যালি অঞ্চল ও ইনল্যান্ড এম্পায়ারে বৃহস্পতিবার তাপমাত্রা সর্বোচ্চ ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। সপ্তাহজুড়ে সেখানে অস্বাভাবিক গরম আবহাওয়া অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
উপকূলীয় এলাকাগুলোতে সকালে মেঘলা আকাশ থাকলেও দুপুরের পর রোদ থাকবে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৮১ ডিগ্রি এবং সর্বনিম্ন ৬৮ ডিগ্রি থাকতে পারে। একই সঙ্গে কয়েক দিন ধরে বাতাসে আর্দ্রতাও বাড়তে পারে।
পাহাড়ি এলাকাগুলোতে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৮৬ ডিগ্রি ফারেনহাইট থাকবে। তবে সপ্তাহান্তে সেখানে তাপমাত্রা আরও বেড়ে ৮০-এর শেষ ভাগ থেকে ৯০-এর শুরুর দিকে পৌঁছাতে পারে, যা রেকর্ডের কাছাকাছি।
অন্যদিকে মরুভূমি অঞ্চলে তাপমাত্রা আরও বেশি থাকবে। বৃহস্পতিবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। আর পাম স্প্রিংসে তাপমাত্রা ১১৪ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ অতিরিক্ত গরমে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার, পর্যাপ্ত পানি পান করার এবং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বিষয়ে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
এলএবাংলাটাইমস/ওএম