লস এঞ্জেলেস

খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

লস এঞ্জেলেসে খেলনা পানির পিস্তল হাতে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। তবে পুলিশের ছোড়া গুলি ওই ব্যক্তির গায়ে লাগেনি। পরে পুলিশ জানতে পারে, তার হাতে থাকা অস্ত্রটি আসলে পানির পিস্তল, যা দেখতে অনেকটা আসল বন্দুকের মতো। ঘটনাটি সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ লস এঞ্জেলেসের ব্রডওয়ে ও ৫৪তম স্ট্রিট এলাকায় ঘটে। ওই এলাকায় এক ব্যক্তি বন্দুক হাতে হাঁটছেন—এমন খবর পেয়ে নিউটন প্যাট্রল ডিভিশনের পুলিশ সদস্যরা সেখানে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে দেখতে পায়। পরে তাকে ইউজিন ডাউডেল নামে শনাক্ত করা হয়। পুলিশের দাবি, তখন তার হাতে দেখতে আসল বন্দুকের মতো একটি অস্ত্র ছিল। পুলিশ তাকে থামতে এবং হাতে থাকা অস্ত্রটি মাটিতে রাখতে নির্দেশ দেয়। তবে ডাউডেল পুলিশের নির্দেশ মানেননি। তদন্তকারীরা জানান, কিছু দূর যাওয়ার পর ডাউডেল পুলিশের দিকে তাকিয়ে ওই অস্ত্র তাদের দিকে তাক করেন। এ সময় পুলিশ সদস্যরা গুলি চালান। তবে গুলিতে ডাউডেল আহত হননি। পরে তিনি অস্ত্রটি ফেলে দেন এবং পুলিশ তাকে আটক করে। ঘটনার পর পুলিশ নিশ্চিত হয়, ডাউডেলের হাতে থাকা অস্ত্রটি আসলে একটি পানির পিস্তল। এটি এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে দেখতে আসল আগ্নেয়াস্ত্রের মতো লাগে। পুলিশ সেটি উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করেছে। ঘটনায় ডাউডেলের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হবে, তা এখনো স্পষ্ট নয়। লস এঞ্জেলেস পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত পুলিশ ১৩ জনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২৭। এ বছর পুলিশের গুলিতে পাঁচজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ডাউডেলই এ বছর এখন পর্যন্ত একমাত্র ব্যক্তি, যাকে পুলিশ গুলি করলেও গুলি তার শরীরে লাগেনি। ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে লস এঞ্জেলেস পুলিশের ফোর্স ইনভেস্টিগেশন ডিভিশন। এ ঘটনায় কোনো পুলিশ সদস্য বা স্থানীয় বাসিন্দা আহত হননি।

এলএবাংলাটাইমস/ওএম