আমেরিকা

মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

মেডিকেল স্কুলে চিকিৎসা গবেষণার জন্য দান করা মৃতদেহের সঠিক ব্যবস্থাপনা না করার অভিযোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৫ কোটি ৩০ লাখ ডলার দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সোমবার বোস্টনের একটি আদালতে এই সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। এর মাধ্যমে হার্ভার্ড মেডিকেল স্কুলের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা নিষ্পত্তি হবে। এসব মামলার সূত্রপাত হয় সাবেক মর্গ ব্যবস্থাপক সেড্রিক লজের বিরুদ্ধে মানবদেহের বিভিন্ন অংশ চুরি করে কালোবাজারে বিক্রির অভিযোগের পর। ৫৮ বছর বয়সী লজ ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে চিকিৎসা গবেষণার জন্য দান করা মৃতদেহ থেকে বিভিন্ন অঙ্গ ও দেহের অংশ সরিয়ে নিয়ে অনলাইনে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। হার্ভার্ড মেডিকেল স্কুল সোমবার এক চিঠিতে জানিয়েছে, আদালত সমঝোতার অনুমোদন দিলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কয়েক কোটি ডলারের একটি তহবিল গঠন করা হবে। মামলার নথি অনুযায়ী, হার্ভার্ড মেডিকেল স্কুলের ‘অ্যানাটমিক্যাল গিফটস প্রোগ্রাম’-এর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ কাজে লাগিয়ে লজ গবেষণার জন্য দান করা মৃতদেহ থেকে বিভিন্ন অংশ সরিয়ে ফেলতেন। চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরা চিকিৎসা পদ্ধতি শেখা ও অনুশীলনের জন্য এসব দান করা মৃতদেহ ব্যবহার করেন। ব্যবহারের পর সাধারণত মৃতদেহগুলো দাহ করে ছাই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কবরস্থানেও দাফন করা হয়। মামলার নথি অনুযায়ী, লজ ও তার স্ত্রী পেনসিলভানিয়া ও ম্যাসাচুসেটসের ক্রেতাদের কাছে এসব মানবদেহের অংশ বিক্রি করতেন। ২০২৫ সালে লজসহ এ ঘটনায় জড়িত আরও ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই ছয়জনের কেউই হার্ভার্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। সবাই পরে নিজেদের অপরাধ স্বীকার করেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, গত ডিসেম্বরে লজকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার স্ত্রীকে দেওয়া হয়েছে এক বছর এক দিনের কারাদণ্ড। ২০২৩ সালে কয়েকটি পরিবার হার্ভার্ডের বিরুদ্ধে দেওয়ানি মামলা করে। তাদের অভিযোগ ছিল, লজ বছরের পর বছর এই অনিয়ম চালালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বন্ধে যথেষ্ট ব্যবস্থা নেয়নি। প্রথমে একটি অঙ্গরাজ্য আদালতের বিচারক এসব মামলা খারিজ করে দিয়েছিলেন। তবে গত বছরের শরতে ম্যাসাচুসেটসের সর্বোচ্চ আদালত মামলাগুলো পুনরায় চালুর অনুমতি দেন। সোমবার হার্ভার্ড এবং মামলাকারী পরিবারগুলো যৌথভাবে ৫ কোটি ৩০ লাখ ডলারের সমঝোতা চুক্তিটি অনুমোদনের জন্য আদালতের কাছে আবেদন করেছে। হার্ভার্ড মেডিকেল স্কুলের ডিন জর্জ ডেলি এবং মেডিকেল শিক্ষাবিষয়ক ডিন বার্নার্ড চ্যাং স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, লজের কর্মকাণ্ড ছিল ‘নৈতিকভাবে নিন্দনীয়’ এবং দান করা মৃতদেহ ও তাদের স্বজনদের প্রতি হার্ভার্ড ও মেডিকেল স্কুলের প্রত্যাশিত মানের সম্পূর্ণ পরিপন্থী। এদিকে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ড মেডিকেল স্কুল মেডিকেল শিক্ষার্থীদের জন্য প্রতিবছর একটি আর্থিক সহায়তা বা বৃত্তি চালু করবে। দেহদাতাদের প্রতি সম্মান জানাতেই এই বৃত্তি চালু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড বলেছে, লজের কারাদণ্ড এবং এই সমঝোতার মাধ্যমে আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটলেও, এই ‘বেদনাদায়ক ঘটনার’ পর প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া এখনো চলমান।

এলএবাংলাটাইমস/ওএম