যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টক্লেয়ারে হ্যালোইন উপলক্ষে সাইকেল রাইডে অংশ নেওয়া একদল আরোহীর ওপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনের মৃ ত্যু হয়েছে। আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধাক্কা দেওয়ার পরও গাড়ি না থামিয়ে চালক একজন আহত আরোহীকে অন্তত এক মাইল টেনে নিয়ে যান। পরে গাড়িটি ফেলে পালিয়ে যান তিনি।
শনিবার রাত ১১টার কিছু আগে মন্টক্লেয়ারের কিংসলি স্ট্রিট ও টিউডর অ্যাভিনিউয়ের সংযোগস্থলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ওই সময় প্রায় ৩০ জন সাইকেল আরোহী একসঙ্গে রাইড করছিলেন। হ্যালোইন উপলক্ষে নিজেদের উদ্যোগে আয়োজন করা এই রাইডে অংশ নিয়েছিলেন তাঁরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন চালক একপর্যায়ে সাইকেল আরোহীদের একটি দলের ওপর গাড়ি তুলে দেন। এতে বেশ কয়েকজন আরোহী আঘাত পান। দুর্ঘটনার পর চালক গাড়ি থামিয়ে আহতদের সহায়তা না করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ধাক্কায় আহত একজনকে গাড়ির সঙ্গে টেনে নিয়ে যাওয়া হয় অন্তত এক মাইল। পরে চালক র ক্তের দাগযুক্ত গাড়িটি ফেলে রেখে পালিয়ে যান। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় একজন সাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজন পরে চিকিৎসাধীন অবস্থায় মা রা যান। অপর আরোহী গুরুতর আঘাত পেলেও তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ সন্দেহভাজন চালককে তাঁর বাড়ি থেকে খুঁজে বের করে। দুর্ঘটনাস্থলের কাছাকাছি ওই বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ বছর বয়সী ভ্যালেনটিন আলবার্তো রদ্রিগেজকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
রদ্রিগেজের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগগুলোর মধ্যে রয়েছে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণহানির ঘটনা ঘটানো। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
রোববার সূর্যাস্তের পরও দুর্ঘটনাস্থলে শোকের চিহ্ন হিসেবে বেলুন ও মোমবাতি জমা হতে থাকে। নিহতদের স্মরণে সেখানে জড়ো হন প্রতিবেশী, স্বজন ও পরিচিতজনেরা। তাঁরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার চেষ্টা করেন।
এলাকার বাসিন্দা উইনি মারকাদো জানান, দুর্ঘটনার পর তিনি কান্নাকাটি ও স্বজনদের আহাজারি শুনতে পান। তাঁর ভাষায়, ঘটনাটি ছিল ভয়াবহ। সেই কান্নার শব্দ তিনি কখনো ভুলতে পারবেন না বলে জানান তিনি।
মারকাদো আরও বলেন, এমন একটি নিরীহ আনন্দের আয়োজন—যেখানে তরুণেরা শুধু একসঙ্গে সময় কাটাতে ও আনন্দ করতে বেরিয়েছিলেন—তা এভাবে শেষ হওয়া অত্যন্ত বেদনাদায়ক। নিহত ও আহতদের পরিবার কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তা কল্পনা করাও কঠিন বলে মন্তব্য করেন তিনি। তাঁদের জন্য প্রার্থনা করছেন বলেও জানান এই প্রতিবেশী।
হ্যালোইন উপলক্ষে আনন্দমুখর সাইকেল রাইডের এই দুর্ঘটনা পুরো এলাকাকে শোকাহত করেছে। নিহতদের স্বজনেরা যখন প্রিয়জন হারানোর বেদনা সামলানোর চেষ্টা করছেন, তখন পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে।
দুর্ঘটনা সম্পর্কে কারও কাছে অতিরিক্ত তথ্য থাকলে মন্টক্লেয়ার পুলিশ বিভাগের সঙ্গে ৯০৯-৬২১-৪৭৭১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।