লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে শক্তিশালী করতে নতুন একটি বিনামূল্যের কর্মসূচি চালু করেছে লস এঞ্জেলেস কাউন্টি। ‘লস এঞ্জেলেস কাউন্টি ফাইন্যান্সিয়াল ক্লিনিক’ নামের এই কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ীরা মূলধন সংগ্রহ, ঋণের চাপ কমানো এবং দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতা তৈরিতে সহায়তা পাবেন।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব ইকোনমিক অপরচুনিটি (DEO) এবং ক্যালিফোর্নিয়া অফিস অব দ্য স্মল বিজনেস অ্যাডভোকেটের উদ্যোগে কর্মসূচিটি চালু হয়েছে।

কর্মসূচির আওতায় ব্যবসায়ীদের ব্যক্তিগত আর্থিক পরামর্শ, আর্থিক শিক্ষা, ঋণ ব্যবস্থাপনা এবং মূলধন সংগ্রহের প্রস্তুতি বিষয়ে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আর্থিক মূল্যায়ন, শিক্ষামূলক কর্মশালা এবং বিশেষজ্ঞদের সঙ্গে একান্ত পরামর্শের সুযোগও থাকবে।

লস এঞ্জেলেস কাউন্টির ‘ইকোনমিক মোবিলিটি ইনিশিয়েটিভ’-এর অংশ হিসেবে এই কর্মসূচি পরিচালনা করছে DEO-এর অফিস অব স্মল বিজনেস এবং বিভিন্ন আঞ্চলিক অংশীদার। ২০২৪ সালে সুপারভাইজার হলি মিচেল ও লস এঞ্জেলেস কাউন্টি বোর্ড অব সুপারভাইজারস এই উদ্যোগ চালু করে।

হলি মিচেল বলেন, কাউন্টির প্রতিটি উদ্যোক্তা যেন প্রয়োজনীয় অর্থ, পরামর্শ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ পান—এটাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্ষুদ্র ব্যবসাগুলো শক্তিশালী হলে স্থানীয় সম্প্রদায় ও অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

কর্মসূচিটির সেবা দিচ্ছে ম্যানেজড ক্যারিয়ার সলিউশন্স এবং মানি ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল।

এর পাশাপাশি চলতি মাসে ‘শপ লোকাল মার্কেটিং ল্যাব’ নামে আরেকটি কর্মসূচি চালু হয়েছে। ছয় সপ্তাহের এই অনলাইন কর্মসূচিতে ক্ষুদ্র ব্যবসাগুলোকে ডিজিটাল মার্কেটিং কৌশল উন্নত করা এবং আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে সহায়তা করা হচ্ছে।

লস এঞ্জেলেস কাউন্টির অর্থনৈতিক সুযোগ বিষয়ক বিভাগের পরিচালক বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ক্ষুদ্র ব্যবসার জন্য মূলধন পাওয়ার সুযোগ তৈরি করা অন্যতম বড় চ্যালেঞ্জ। নতুন কর্মসূচিগুলো ব্যবসায়ীদের অর্থায়ন নিশ্চিত করা, নগদ প্রবাহ বাড়ানো এবং আর্থিক ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করবে।

কারা এই সহায়তা পাবেন

লস এঞ্জেলেস কাউন্টিতে অবস্থিত যেসব ব্যবসায় সর্বোচ্চ ১০০ জন কর্মী রয়েছে এবং বার্ষিক আয় ১ কোটি ৯০ লাখ ডলার বা তার কম, তারা এই কর্মসূচির জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব জেনারেল সার্ভিসেসের ক্ষুদ্র ব্যবসার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে এই যোগ্যতার শর্ত নির্ধারণ করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম