লস এঞ্জেলেস

লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

ক্যালিফোর্নিয়ার লা ভার্নেতে একটি বড় পানির ট্যাংকে আটকে পড়া মা ভালুক ও তার দুই শাবককে উদ্ধার করা হয়েছে। শনিবার ক্লেরমন্ট ওয়াইল্ডারনেস পার্কের ৫-মাইল লুপ ট্রেইলের কাছে ওই পানির ট্যাংকে ভালুকগুলো আটকা পড়ে। ট্যাংকটি লা ভার্নে ফায়ার ডিপার্টমেন্টের ব্যবহৃত বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ (সিডিএফডব্লিউ)। কয়েকজন দৌড়বিদ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পানির ট্যাংকের কাছ থেকে ভালুকের মতো চিৎকারের শব্দ শুনতে পান। পরে তারা বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে ট্যাংকের ভেতরে একটি পূর্ণবয়স্ক কালো ভালুক ও তার দুই শাবককে দেখতে পান। এরপর তারা কর্তৃপক্ষকে খবর দেন। উদ্ধারকারী দলের সদস্য জেমি কার্ক জানান, কী ঘটছে তা দেখতে তারা পানির ট্যাংকের ওপরে ওঠেন। ট্যাংকের ওপরের একটি ছোট ছিদ্র দিয়ে তাকাতেই তারা দেখতে পান, মাত্র তিন ফুট দূরে একটি ভালুক তাদের দিকে তাকিয়ে আছে। উদ্ধারের সময় তোলা ছবিতে দেখা যায়, আংশিক পানিতে ভরা ট্যাংকের ভেতর ভালুকগুলো পানির ওপরে মাথা রাখার চেষ্টা করছে। ডুবে যাওয়ার ঝুঁকি থাকায় সিডিএফডব্লিউ কর্মকর্তারা প্রথমে ট্যাংকের পানি বের করে দেন। উদ্ধারকারীরা পৌঁছানোর আগেই একটি শাবক নিজে থেকেই ট্যাংক থেকে বের হতে সক্ষম হয়। পরে সেটিকে কাছের একটি গাছে নিরাপদ অবস্থায় পাওয়া যায়। এরপর দমকলকর্মীরা ট্যাংকের একটি ছিদ্র বড় করে দেন এবং ভেতরে একটি মই নামিয়ে দেন। মই ব্যবহার করে মা ভালুক ও অন্য শাবকটি ট্যাংক থেকে বের হওয়ার সুযোগ পায়। সিডিএফডব্লিউ কর্মকর্তারা পুরো উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে মা ভালুক ও শাবকটি মই বেয়ে ট্যাংকের বাইরে উঠে দ্রুত জঙ্গলের দিকে চলে যায়। সিডিএফডব্লিউ জানায়, “তিনটি ভালুকই এখন ট্যাংকের বাইরে এবং নিরাপদে রয়েছে।” উদ্ধার অভিযান চলাকালে লা ভার্নে ফায়ার ডিপার্টমেন্ট ট্যাংকের পানি পুরোপুরি বের করে দেয়। ভবিষ্যতে ভালুক বা অন্য কোনো বন্যপ্রাণী যাতে আবার ট্যাংকের ভেতরে আটকা না পড়ে, সে জন্য ট্যাংকটি এখন নিরাপদভাবে বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা তিন ভালুককেই পরে নিরাপদে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম