লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমার প্রিমিয়াম নির্ধারণে চালকের বৈবাহিক অবস্থা বিবেচনা না করার উদ্যোগ নিয়েছে অঙ্গরাজ্যটির বীমা বিভাগ। এর ফলে অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা চালকদের জন্য বিমার খরচ কমার সুযোগ তৈরি হতে পারে। ক্যালিফোর্নিয়ার বীমা কমিশনার রিকার্ডো লারা জানিয়েছেন, গাড়ির বিমার মূল্য নির্ধারণে চালকের ব্যক্তিগত বৈবাহিক অবস্থার বদলে তার গাড়ি চালানোর ঝুঁকি ও আচরণকে গুরুত্ব দেওয়া উচিত। লারা বলেন, একজন চালক কীভাবে গাড়ি চালান, বিমার মূল্য নির্ধারণে সেটিই মূল বিষয় হওয়া উচিত; তিনি বিবাহিত কি না, তা নয়। গত প্রায় ৩০ বছর ধরে ক্যালিফোর্নিয়ায় বীমা কোম্পানিগুলো প্রিমিয়াম নির্ধারণে বৈবাহিক অবস্থা বিবেচনা করার সুযোগ পেয়ে আসছে। এর আগে অঙ্গরাজ্যের বীমা বিভাগ দাবি করেছিল, অবিবাহিত চালকদের দুর্ঘটনায় জড়ানোর প্রবণতা বেশি। তবে এখন বিভাগটি বলছে, এই পার্থক্যের পেছনে বৈবাহিক অবস্থার বাইরে অন্য কিছু কারণ আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারে। নতুন প্রস্তাবটি এখনও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। আগামী বছরের জুলাইয়ের মধ্যে গাড়ির বিমার হার নির্ধারণ থেকে বৈবাহিক অবস্থা পুরোপুরি বাদ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।