লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

লস এঞ্জেলেসের সাউথ লস এঞ্জেলেসে একটি অ্যাসিস্টেড লিভিং ফ্যাসিলিটিতে গু লি চালানোর ঘটনায় তিন কর্মী আহত হয়েছেন। সোমবার সকাল ১১টার কিছু আগে ৭০০০ ব্লকের ডেনভার অ্যাভিনিউতে অবস্থিত প্রগ্রেসিভ হোম ফর দ্য এল্ডারলিতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে প্রতিষ্ঠানটিরই এক কর্মীকে হেফাজতে নিয়েছে পুলিশ। লস এঞ্জেলেস পুলিশ ও ফায়ার বিভাগ জানিয়েছে, আহত তিনজনই প্রতিষ্ঠানের কর্মী। তাদের মধ্যে ৬০-এর কোঠার এক পুরুষ এবং ৪০ ও ৭০-এর কোঠার দুই নারী রয়েছেন। তিনজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা সংকটজনক, আর বাকি দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সঙ্গে কথা বলার সময় হঠাৎ একটি হ্যান্ডগান বের করে তিন কর্মীর দিকে গু লি চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি ভবনটির পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়সও ৬০-এর কোঠায়। লস এঞ্জেলেস পুলিশ বিভাগের ডেপুটি চিফ মার্ক রেইনা জানান, খবর পাওয়ার প্রায় দুই মিনিটের মধ্যেই কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে লবিতে তিনজনকে গু লিবিদ্ধ অবস্থায় দেখতে পান। পরিস্থিতিকে সম্ভাব্য সক্রিয় গু লিবর্ষণের ঘটনা হিসেবে বিবেচনা করে দ্রুত অভিযান শুরু করা হয়। পরে ভবনের অন্য একটি অংশ থেকে সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। ঘটনার সময় ভবনটির বাসিন্দাদের নিজ নিজ জায়গায় অবস্থান করতে বলা হয়েছিল। পুলিশ জানিয়েছে, বাসিন্দারা নিরাপদে ছিলেন এবং তাদের কেউ আহত হননি। হামলার সম্ভাব্য উদ্দেশ্য বা সন্দেহভাজন ব্যক্তির বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।