লস এঞ্জেলেস

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী শরৎকালীন ঝড়ের প্রভাবে টানা বৃষ্টি শুরু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরের দিকে লস এঞ্জেলেসসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত থাকার পাশাপাশি কোথাও কোথাও বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, কয়েক দিনের এই ঝড়ে লস এঞ্জেলেস কাউন্টির বেশির ভাগ এলাকায় গড়ে প্রায় দেড় ইঞ্চি বৃষ্টি হতে পারে। পাহাড়ি ভূপ্রকৃতির কারণে কিছু এলাকায় এবং বজ্রঝড়ের কবলে পড়া স্থানে বৃষ্টির পরিমাণ ২ থেকে ৩ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। ঝড়টি ওরেগন অঙ্গরাজ্যের দিক থেকে ক্যালিফোর্নিয়া উপকূল ধরে দক্ষিণে অগ্রসর হয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছে। এর প্রভাবে বুধবার দুপুরের পর বৃষ্টিপাত বাড়তে শুরু করে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পাশাপাশি বিচ্ছিন্নভাবে বজ্রঝড় হতে পারে। অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু এলাকা, শহরের পানি নিষ্কাশনব্যবস্থার দুর্বল অংশ এবং নদী-খালের আশপাশে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। মালিবু উপকূল এবং সান্তা মনিকা পর্বতমালার পূর্ব ও পশ্চিম অংশে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বন্যা পর্যবেক্ষণ সতর্কতা কার্যকর থাকবে। এর আওতায় রয়েছে মালিবু, মালিবু বোল, প্যাসিফিক পালিসেডস ও টোপাঙ্গা। আবহাওয়াবিদদের আশঙ্কা, অতিরিক্ত বৃষ্টিতে সড়কে পানি জমতে পারে। পাশাপাশি খাল, ছোট নদী ও অন্যান্য জলপ্রবাহের পানি বেড়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে। উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকলেও ৮ হাজার ফুটের নিচে তুষারপাতের আশঙ্কা কম। বৃহস্পতিবার পাহাড়ি এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কম থাকবে। বৃষ্টির পাশাপাশি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলেও সতর্কতা জারি রয়েছে। লস এঞ্জেলেস কাউন্টির কয়েকটি উপকূলীয় এলাকায় বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বিপজ্জনক ঢেউ ও শক্তিশালী স্রোতের আশঙ্কা করা হয়েছে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বাড়ায় সৈকতের কিছু অংশে বালু ক্ষয় এবং নিচু এলাকায় জোয়ারের পানি উপচে পড়তে পারে। বৃষ্টির কারণে সমুদ্রের পানির গুণগত মান নিয়েও সতর্কতা জারি করা হয়েছে, যা অন্তত শনিবার বিকেল ৩টা পর্যন্ত কার্যকর থাকার কথা। বৃষ্টির পানি শহরের নালা, খাল ও নদী দিয়ে সমুদ্রে প্রবাহিত হওয়ায় পানিতে দূষণের মাত্রা বাড়তে পারে। এ কারণে বাসিন্দাদের সমুদ্রে নামা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেসব স্থানে বৃষ্টির পানি নিষ্কাশনের নালা, খাল বা নদীর পানি সমুদ্রে মিশেছে, সেসব স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে। বৃহস্পতিবার লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে সর্বোচ্চ তাপমাত্রা ৬৮ ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন ৫৭ ডিগ্রি থাকার পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। এ দুই কাউন্টিতে প্রায় আধা থেকে পৌনে এক ইঞ্চি বৃষ্টি হতে পারে। উপত্যকা অঞ্চল ও ইনল্যান্ড এম্পায়ারে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৬৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ৫৫ ডিগ্রি ফারেনহাইট হতে পারে। সেখানেও বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ আধা থেকে এক ইঞ্চি। উপকূলীয় এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ৬৭ ও সর্বনিম্ন ৬২ ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে। ঢেউয়ের উচ্চতা ৩ থেকে ৫ ফুট হওয়ার পূর্বাভাস রয়েছে। এসব এলাকায়ও ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আধা থেকে পৌনে এক ইঞ্চি বৃষ্টি হতে পারে। পাহাড়ি জনপদে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ডিগ্রি ফারেনহাইটে নেমে যেতে পারে। সেখানে বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। প্রায় সাড়ে ৮ হাজার ফুট উচ্চতায় তুষারপাত হতে পারে। মরুভূমি এলাকায় বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৬৫ এবং সর্বনিম্ন ৪৫ ডিগ্রি ফারেনহাইট হতে পারে। তবে পাম স্প্রিংসে সর্বোচ্চ তাপমাত্রা ৭৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। তবে সপ্তাহান্তে সান্তা আনা বায়ুর আরেকটি প্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বৃষ্টি থামলেও আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখতে হবে বাসিন্দাদের।