জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে গেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। সম্মেলনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘অনুপস্থিত’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিউজম ক্যালিফোর্নিয়া থেকে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে রওনা হন। সেখানে ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, বিজ্ঞানী ও পরিবেশকর্মীরা এতে অংশ নিচ্ছেন।
নিউজমের মতে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অনুপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের একটি শূন্যতা তৈরি করেছে। সেই পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়া নিজস্ব জলবায়ু নীতি ও আন্তর্জাতিক অংশীদারত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর ভূমিকা তুলে ধরতে চায়।
এক বিবৃতিতে নিউজম বলেন, ডোনাল্ড ট্রাম্প জীবাশ্ম জ্বালানি খাতের দাতাদের স্বার্থে আমেরিকার অর্থনৈতিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছেন। অন্যদিকে ক্যালিফোর্নিয়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পিছিয়ে যাচ্ছে না। তিনি আরও বলেন, ট্রাম্পের সময় শেষ হবে, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ক্যালিফোর্নিয়ার অংশীদারত্ব অব্যাহত থাকবে।
এবারের সম্মেলনে টানা দ্বিতীয় বছরের মতো ট্রাম্প প্রশাসন কোনো সরকারি প্রতিনিধি দল পাঠাচ্ছে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও বিষয়টি নিশ্চিত করেছে। গত বছর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনেও ট্রাম্প প্রশাসন কোনো প্রতিনিধি পাঠায়নি।
নিউজমের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ও ক্যালিফোর্নিয়ার ফার্স্ট পার্টনার জেনিফার সিবেল নিউজম। এছাড়া প্রতিনিধি দলে আছেন ক্যালিফোর্নিয়া ন্যাচারাল রিসোর্সেস এজেন্সির সচিব ওয়েড ক্রফুট এবং ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্সেস বোর্ডের চেয়ার লরেন সানচেজসহ রাজ্যের জলবায়ু নীতির সঙ্গে যুক্ত কর্মকর্তারা।
সম্মেলনে নিউজমের একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠক এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন আন্তর্জাতিক অংশীদারত্বের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, কার্বন নিঃসরণ কমানো এবং পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তিতে ক্যালিফোর্নিয়ার অভিজ্ঞতা তুলে ধরবেন তিনি।
ক্যালিফোর্নিয়া প্রশাসনের দাবি, রাজ্যটি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেও কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হয়েছে। ২০২৪ সালে রাজ্যের অর্থনীতি ৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জলবায়ু দূষণ ৩ দশমিক ৯ শতাংশ কমেছে। রাজ্যে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং ব্যাটারি সংরক্ষণ সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এবারের কপ৩১ সম্মেলনের অন্যতম লক্ষ্য হচ্ছে আগের জলবায়ু প্রতিশ্রুতিগুলো বাস্তবে কার্যকর করা। বিশেষ করে বিদ্যুতের ব্যবহার বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে অর্থায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
নিউজমের এই সফরকে ট্রাম্প প্রশাসনের জলবায়ু নীতির বিপরীতে ক্যালিফোর্নিয়ার অবস্থান তুলে ধরার আরেকটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।