যুক্তরাজ্যে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ৪১ বছর বয়সী এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের গ্লস্টার শহরের কাছে তাঁকে আটক করা হয়। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সেনার বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা এবং সংরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশের সন্দেহে তদন্ত চলছে। তবে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, কাউন্টার টেররিজম পুলিশিং ইউনিট যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ, দেশটির সেনাবাহিনী এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সঙ্গে সমন্বয় করে এই অভিযান চালায়। তদন্তের অংশ হিসেবে গ্লস্টারশায়ারের দুটি স্থানে তল্লাশি চালানো হচ্ছে। গ্রেপ্তার ওই সেনাকে লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রাখা হয়েছে।
ব্রিটিশ পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট ২০২৩-এর দুটি ধারায় অপরাধের সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এর একটি ধারায় বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা এবং অন্যটিতে সংরক্ষিত তথ্য সংগ্রহ, ব্যবহার বা প্রকাশের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ স্পষ্ট করেছে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট দেশ রাশিয়া।
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই সেনা ন্যাটোর অ্যালায়েড র্যাপিড রিঅ্যাকশন কর্পসের সঙ্গে যুক্ত একটি ইউনিটে দায়িত্ব পালন করছিলেন। তাঁর কর্মস্থল ছিল গ্লস্টারশায়ারের ইমজিন ব্যারাকস। এটি যুক্তরাজ্যের একটি সামরিক স্থাপনা, যেখানে ন্যাটোর ওই বাহিনীর সদর দপ্তর অবস্থিত। এই বাহিনী ন্যাটোর বিভিন্ন এলাকায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সেনা মোতায়েন ও সামরিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করে।
মার্কিন সেনাবাহিনীর কাউন্টারইন্টেলিজেন্স কমান্ডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন ওই সেনাকে সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা একজন জ্যেষ্ঠ সদস্য হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ঘটনা সামরিক ও নিরাপত্তা প্রতিষ্ঠানের ভেতর থেকে তৈরি হওয়া ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন, গুপ্তচরবৃত্তির অভিযোগটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং মিত্রদের স্বার্থ বিপন্ন করে এমন কর্মকাণ্ডের বিষয়ে এফবিআইয়ের কোনো ছাড় নেই। তদন্তে সহযোগিতার জন্য তিনি ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ, এমআই৫ এবং সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ভিকি ইভান্স বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এই গ্রেপ্তার ও তদন্ত পরিচালিত হচ্ছে। অভিযোগগুলো গুরুতর এবং তদন্ত এখনো চলমান। জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন অপরাধের বিরুদ্ধে দুই দেশ একসঙ্গে ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।
তবে তদন্তকারীরা এখনো প্রকাশ্যে জানাননি, ওই সেনা ঠিক কী ধরনের তথ্য সংগ্রহ বা রাশিয়াকে দেওয়ার চেষ্টা করেছিলেন। কোনো গোপন তথ্য রাশিয়ার হাতে পৌঁছেছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। ফলে গ্রেপ্তারের পেছনে কী ধরনের গোয়েন্দা তথ্য বা প্রমাণ রয়েছে, তা তদন্তের পরই স্পষ্ট হতে পারে।
ব্রিটেনে সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। এর আগে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর যুক্তরাজ্যের কয়েকটি বিমানঘাঁটি থেকে মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। তবে ব্রিটিশ পুলিশ জানিয়েছে, রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এই তদন্তের সঙ্গে ওই ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়ার কথিত গুপ্তচরবৃত্তি, নাশকতা ও সামরিক স্থাপনায় নজরদারি নিয়ে উদ্বেগ বেড়েছে। এমন পরিস্থিতিতে ন্যাটোর সঙ্গে সংশ্লিষ্ট একটি সামরিক স্থাপনায় কর্মরত মার্কিন সেনার বিরুদ্ধে ওঠা অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা সংস্থাগুলোর জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তবে গ্রেপ্তার হওয়া সেনার বিরুদ্ধে অভিযোগ এখনো তদন্তাধীন; আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে অপরাধী বলা যাবে না।