লস এঞ্জেলেস

ইতিহাস গড়ল লস এঞ্জেলেস, মেয়রসহ তিন নগর পদে দায়িত্ব পাচ্ছেন এশীয় আমেরিকানরা

লস এঞ্জেলেস নগরীর ইতিহাসে প্রথমবারের মতো তিনটি গুরুত্বপূর্ণ নির্বাচিত পদই এশীয় আমেরিকানদের হাতে যাচ্ছে। মেয়র, সিটি অ্যাটর্নি ও সিটি কন্ট্রোলার—এই তিন পদে দায়িত্ব পালন করবেন এশীয় বংশোদ্ভূত তিন রাজনীতিক। সাম্প্রতিক নির্বাচনে মেয়র পদে নিত্যা রামান এবং সিটি অ্যাটর্নি পদে মারিসা রয় জয় পেয়েছেন। অন্যদিকে, সিটি কন্ট্রোলার কেনেথ মেহিয়া দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন। মেয়র নির্বাচনে বর্তমান মেয়র কারেন বাসকে পরাজিত করে আলোচনায় আসেন ৪৫ বছর বয়সী নিত্যা রামান। ভারতের একটি পরিবার থেকে আসা রামান মাত্র ছয় বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরে তিনি লস এঞ্জেলেস সিটি কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। নগরীর প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে নির্বাচনী প্রচার চালান তিনি। শেষ পর্যন্ত বর্তমান মেয়রকে হারিয়ে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করেন। সিটি অ্যাটর্নি পদে জয় পেয়েছেন মারিসা রয়। তিনি জন ম্যাককিনিকে পরাজিত করেছেন। রয়য়ের মা ভারত থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন। নির্বাচনে জয় পাওয়ার পর তিনি বলেন, এই সাফল্য শুধু তাঁর নিজের বা পরিবারের জন্য নয়, বরং বৃহত্তর অভিবাসী জনগোষ্ঠীর জন্যও তাৎপর্যপূর্ণ। ভারতে থাকা তাঁর পরিবারের সদস্যরাও তাঁর বিজয়ের খবর অনুসরণ করেছেন। অন্যদিকে, কেনেথ মেহিয়া একজন ফিলিপিনো বংশোদ্ভূত আমেরিকান। চার বছর আগে তিনি লস এঞ্জেলেসের নগরব্যাপী নির্বাচিত কোনো পদে জয়ী হওয়া প্রথম এশীয় আমেরিকান হিসেবে ইতিহাস গড়েন। এবার দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়ে সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। মেহিয়া গ্রিন পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। এই তিন নেতার জয়কে এশীয় আমেরিকান সম্প্রদায়ের রাজনৈতিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এশীয় আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার (এএপিআই) সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এএপিআই ইকুইটি অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক মঞ্জুশা পি. কুলকার্নি বলেছেন, দীর্ঘদিনের সাংগঠনিক প্রচেষ্টা ও রাজনৈতিক অংশগ্রহণের ফল হিসেবে এই অর্জন এসেছে। লস এঞ্জেলেসের মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ এশীয় আমেরিকান। লস এঞ্জেলেস কাউন্টিতে ভোট দেওয়ার যোগ্য এশীয় আমেরিকানের সংখ্যা ১০ লাখের বেশি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠী স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নগরীর সর্বোচ্চ নির্বাচিত পদগুলোতে তাদের প্রতিনিধিত্ব ছিল সীমিত। এবারের ফলাফল সেই পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এশীয় আমেরিকান ভোটারদের রাজনৈতিক অবস্থানেও সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে। একসময় এই জনগোষ্ঠীর ভোটের ধরন নিয়ে নানা ধরনের ধারণা থাকলেও বর্তমানে তাদের একটি বড় অংশ প্রগতিশীল রাজনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে। রামান ও রয় দুজনই ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সমর্থন পেয়েছিলেন। মেহিয়াও বামঘেঁষা একটি সংগঠনের সুপারিশ পেয়েছিলেন। নির্বাচনে এশীয় আমেরিকান রাজনৈতিক সংগঠনগুলোর ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। এশিয়ান ডেমোক্র্যাটস অব লস এঞ্জেলেস কাউন্টি শুরু থেকেই রামান ও রয়কে সমর্থন দিয়েছিল। সংগঠনটি রামানকে বিভিন্ন ভোটারগোষ্ঠীর সঙ্গে পরিচিত করতেও সহায়তা করে। এর মধ্যে কোরিয়াটাউনের কাছে অবস্থিত লিটল বাংলাদেশ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও ছিলেন। সংগঠনটির সভাপতি পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান ও মুসলিম নেতা জাহরা হাজি বলেছেন, এশীয় আমেরিকান সম্প্রদায় এখন আর নির্বাচনে শুধু ব্যবধান গড়ে দেওয়ার মতো ভোটারগোষ্ঠী নয়। তারা একটি শক্তিশালী ও স্বতন্ত্র ভোটারভিত্তিতে পরিণত হয়েছে। তাঁর মতে, এই পরিবর্তন স্থানীয় রাজনীতিতে সম্প্রদায়টির প্রভাব আরও বাড়াবে। লস এঞ্জেলেসের এই রাজনৈতিক পরিবর্তনের আরেকটি তাৎপর্য রয়েছে জাতীয় পর্যায়েও। নিউইয়র্কে জোহরান মামদানি এবং লস এঞ্জেলেসে নিত্যা রামানের নেতৃত্বের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দুটি বড় শহরে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিকদের প্রভাব আরও দৃশ্যমান হয়েছে। তবে তিনটি পদেই এশীয় আমেরিকানদের জয়কে শুধু পরিচয়ের ভিত্তিতে নয়, বরং ভোটারদের রাজনৈতিক পছন্দ, সংগঠিত প্রচার এবং স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের অংশগ্রহণের ফল হিসেবেও দেখা হচ্ছে। নতুন নেতৃত্বের সামনে এখন নগরীর আবাসন, জীবনযাত্রার ব্যয়, জননিরাপত্তা, পরিবহন ও অন্যান্য নাগরিক সেবা নিয়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচনী সাফল্যকে কার্যকর নগর পরিচালনায় রূপ দিতে পারলেই এই ঐতিহাসিক পরিবর্তনের পূর্ণ তাৎপর্য প্রতিষ্ঠিত হবে।