আমেরিকা

ফ্লোরিডায় বিশেষ চাহিদাসম্পন্ন মেয়েকে শিকল দিয়ে বেড়ায় বেঁধে রাখার অভিযোগে মা গ্রেপ্তার

ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিশেষ চাহিদাসম্পন্ন ১৩ বছর বয়সী মেয়েকে ধাতব শিকল দিয়ে বাড়ির বেড়ায় বেঁধে রেখে চলে যাওয়ার অভিযোগে এক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩৪ বছর বয়সী ওই নারীর নাম ইয়াশিরা মালডোনাডো। তাঁর বিরুদ্ধে শিশু নির্যাতন ও অবহেলার অভিযোগে ফৌজদারি মামলা হয়েছে। জামিনে মুক্তি পেলেও আদালতের শর্ত অনুযায়ী, আপাতত মেয়ের সঙ্গে তাঁর যোগাযোগ নিষিদ্ধ। ঘটনাটি ঘটে গত ১১ জুলাই হিয়ালিয়াহ শহরে। সম্প্রতি পুলিশের প্রকাশ করা বডি ক্যামেরার ভিডিও সামনে আসার পর ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে এবং তার পরিবারের এক সদস্যের সঙ্গে কথা বলছেন। পুলিশের তথ্য অনুযায়ী, মালডোনাডো মেয়েকে নিয়ে তাঁর প্রপিতামহীর বাড়িতে যান। সেখানে শিশুটির কোমরে একটি ধাতব শিকল পেঁচিয়ে শিকলের অপর প্রান্ত বাড়ির বেড়ার সঙ্গে আটকে দেন। এরপর মেয়েকে সেখানে রেখে গাড়ি চালিয়ে চলে যান। ঘটনাটি আশপাশের একটি বাড়ির নিরাপত্তা ক্যামেরায়ও ধরা পড়ে। শিশুটির প্রপিতামহী পরে তাকে শিকলে বাঁধা অবস্থায় দেখতে পান। তিনি নিজে শিকল খুলতে না পেরে জরুরি নম্বর ৯১১-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। পুলিশ জানায়, শিশুটিকে রোদে খোলা জায়গায় রাখা হয়েছিল। তার কাছে খাবার ও পানি ছিল না। জুতা ছাড়াও তাকে সেখানে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চাকরি হারানোর পর মালডোনাডো মেয়েকে এভাবে রেখে যান। ঘটনার দিন সকাল ৯টার কিছু আগে তিনি শিশুটিকে নিয়ে বাড়িতে পৌঁছান। পরে একজন সাক্ষীকে পাঠানো বার্তায় তিনি জানান, চাকরি হারিয়েছেন। পুলিশের কাছে মালডোনাডো স্বীকার করেছেন বলে তদন্তকারীরা জানিয়েছেন, তিনি মেয়ের দেখাশোনার চাপ সামলাতে পারছিলেন না এবং কিছুটা বিরতি চেয়েছিলেন। পুলিশের অভিযোগ, মেয়েকে রেখে যাওয়ার পর মালডোনাডো নিজের ফোন নীরব করে বাড়িতে ফিরে যান। সেখানে বিছানায় শুয়ে টেলিভিশন দেখছিলেন। শিশুটির বাবা অন্য এলাকায় অবস্থান করছিলেন। পরিবারের কাছ থেকে খবর পাওয়ার পর তিনি পুলিশকে বিষয়টি জানান। পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী, শিশুটিকে প্রায় এক ঘণ্টা শিকলে বাঁধা অবস্থায় থাকতে হয়েছিল। তবে উদ্ধারের সময় তার শারীরিক অবস্থা ভালো ছিল বলে জানানো হয়েছে। বর্তমানে শিশুটির দেখাশোনার দায়িত্ব কার কাছে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। মালডোনাডোকে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে শিশু নির্যাতন ও অবহেলার অভিযোগে মামলা চলছে। মামলার বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোকে আদালতে প্রমাণিত অপরাধ হিসেবে বিবেচনা করা যাবে না। ঘটনাটি সামনে আসার পর বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা এবং তাদের দেখাশোনার দায়িত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে শিশুটির পরিচয় ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি।