ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ব্যক্তিগত সম্পদের ওপর নতুন কর আরোপ নিষিদ্ধ করার প্রস্তাব ৪২ পাস হয়েছে। এর ফলে অবসরকালীন সঞ্চয়, ব্যবসায়িক মালিকানা, ডিজিটাল সম্পদসহ বিভিন্ন ব্যক্তিগত সম্পদের ওপর ভবিষ্যতে নতুন কর আরোপের ক্ষেত্রে বড় বাধা তৈরি হলো।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ৫১ শতাংশের কিছু বেশি। বিপক্ষে ভোট দিয়েছেন প্রায় ৪৯ শতাংশ ভোটার। ১৩ নভেম্বর পর্যন্ত প্রায় ৯৬ শতাংশ ভোট গণনা শেষ হওয়ার পর অ্যাসোসিয়েটেড প্রেস প্রস্তাবটিকে বিজয়ী ঘোষণা করে। তবে তখনো অঙ্গরাজ্যজুড়ে ভোট গণনা চলছিল।
প্রস্তাব ৪২ অনুযায়ী, ব্যক্তিগত সম্পত্তির মালিকানার ওপর নতুন কোনো কর আরোপ করতে পারবে না অঙ্গরাজ্য সরকার। এর আওতায় রয়েছে ৪০১(কে) অবসরকালীন সঞ্চয় হিসাব, ব্যবসায়িক অংশীদারত্ব, ডিজিটাল সম্পদ, মেধাস্বত্ব এবং ব্যক্তিগত মালিকানাধীন বিভিন্ন সামগ্রী। তবে বাড়ি, জমি ও অন্যান্য স্থাবর সম্পত্তি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
এ ছাড়া অতীতের সম্পদ বা কার্যক্রমের ভিত্তিতে পেছনের তারিখ থেকে কর আরোপের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকছে। তবে অঙ্গরাজ্য সরকার জরুরি অবস্থা ঘোষণা করলে নির্দিষ্ট পরিস্থিতিতে এর ব্যতিক্রম হতে পারে।
প্রস্তাব ৪২ মূলত একই নির্বাচনে থাকা প্রস্তাব ৪০-এর বিরুদ্ধে একটি পাল্টা পদক্ষেপ হিসেবে ব্যালটে আনা হয়েছিল। প্রস্তাব ৪০ পাস হলে এক বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিকদের ওপর এককালীন ৫ শতাংশ কর আরোপের সুযোগ তৈরি হতো। সেই অর্থ স্বাস্থ্যসেবা খাতে ব্যয় করার পরিকল্পনা ছিল। তবে ভোটাররা প্রস্তাব ৪০ প্রত্যাখ্যান করেছেন।
অন্যদিকে, প্রস্তাব ৪২ পাস হওয়ায় ভবিষ্যতে ব্যক্তিগত সম্পদের ওপর এ ধরনের কর আরোপের উদ্যোগ নেওয়া আরও কঠিন হয়ে পড়ল। নতুন কোনো সম্পদ কর চালু করতে চাইলে সংশ্লিষ্টদের এই বিধিনিষেধ পরিবর্তনের উদ্যোগও নিতে হবে।
প্রস্তাবটির পক্ষে প্রচারণা চালানো ‘বিল্ডিং আ বেটার ক্যালিফোর্নিয়া’ নামের সংগঠনটি গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, বিভিন্ন ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগকারী এবং প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের কাছ থেকে অর্থ পেয়েছিল। ক্যালিফোর্নিয়া স্মল বিজনেস অ্যাসোসিয়েশন, ক্যালিফোর্নিয়া সিনিয়র অ্যালায়েন্স এবং ক্যালিফোর্নিয়া প্রফেশনাল ফায়ারফাইটার্স সংগঠনও প্রস্তাবটির পক্ষে ছিল।
সমর্থকদের যুক্তি, নতুন এই বিধান সাধারণ মানুষের অবসরকালীন সঞ্চয় ও ব্যক্তিগত সম্পদকে ভবিষ্যতের করের চাপ থেকে সুরক্ষা দেবে। অন্যদিকে, প্রস্তাবটির সমালোচকদের আশঙ্কা, এর ফলে অঙ্গরাজ্য সরকারের ভবিষ্যতে ধনী ব্যক্তিদের সম্পদের ওপর কর আরোপের সুযোগ সীমিত হয়ে যাবে।
প্রস্তাব ৪০-এর সমর্থকেরা অবশ্য জানিয়েছেন, বিলিয়নিয়ারদের সম্পদের ওপর কর আরোপের উদ্যোগ এখানেই শেষ হচ্ছে না। এ বিষয়ে ২০২৮ সালের নির্বাচনে নতুন প্রস্তাব আনার সম্ভাবনাও রয়েছে।