বড়দিন ও বছরের শেষের ছুটিকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসজুড়ে বসতে যাচ্ছে উৎসবমুখর বিভিন্ন হলিডে মার্কেট ও কারুশিল্প মেলা। নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এসব বাজারে স্থানীয় শিল্পী, ডিজাইনার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের হাতে তৈরি নানা ধরনের পণ্য পাওয়া যাবে। পোশাক, গয়না, সিরামিক, ঘর সাজানোর সামগ্রী, শিল্পকর্ম থেকে শুরু করে বিশেষ খাবার—উপহারের তালিকায় নতুনত্ব খুঁজছেন এমন ক্রেতাদের জন্য থাকছে নানা আয়োজন।
বড় শপিংমল কিংবা অনলাইন কেনাকাটার বদলে এসব বাজারের বিশেষ আকর্ষণ হলো সরাসরি পণ্য নির্মাতার সঙ্গে দেখা করার সুযোগ। এতে ক্রেতারা পণ্যের পেছনের গল্প জানতে পারেন, আবার স্থানীয় শিল্পী ও ছোট ব্যবসায়ীদেরও সহায়তা করতে পারেন।
লস এঞ্জেলেসের বিভিন্ন এলাকায় আয়োজিত ২০টি বাজারের মধ্যে রয়েছে পাসাডেনার জ্যাকালোপ আর্ট ফেয়ার, সান পেড্রোর মার্কেটস ফর মেকার্স, সান মারিনোর দ্য হান্টিংটন হলিডে মার্কেট, হলিউডের টিটমাউস হলিডে বাজার এবং ডাউনটাউন লস এঞ্জেলেসের ইউনিক মার্কেটস। এ ছাড়া প্যাসাডেনা, সিলভার লেক, আলতাডেনা, মার ভিস্তা ও লং বিচেও থাকছে একাধিক আয়োজন।
আয়োজনগুলোর মধ্যে নভেম্বরের মাঝামাঝি সময়েই কয়েকটি বড় বাজার বসছে। ১৪ ও ১৫ নভেম্বর পাসাডেনার সেন্ট্রাল পার্কে জ্যাকালোপ আর্ট ফেয়ারে ২০০-র বেশি শিল্পী ও কারুশিল্পী অংশ নিচ্ছেন। একই দুই দিন সান পেড্রোর আলটাসি এলাকায় মার্কেটস ফর মেকার্সে ৮০টির বেশি স্বতন্ত্র বিক্রেতার পণ্য পাওয়া যাবে। পাসাডেনা কনভেনশন সেন্টারে আর্টাজান হ্যান্ডক্রাফট মার্কেটেও ২০০-র বেশি শিল্পী অংশ নিচ্ছেন। এসব বাজারে হাতে তৈরি গয়না, পোশাক, সিরামিক, শিল্পকর্ম, বিশেষ খাবার ও ঘর সাজানোর সামগ্রী থাকছে।
২১ নভেম্বর সান মারিনোর হান্টিংটন হলিডে মার্কেটে স্থানীয় ডিজাইনারদের তৈরি গয়না, ফ্যাশন সামগ্রী, ব্যক্তিগত পরিচর্যার পণ্য ও ঘর সাজানোর উপকরণ পাওয়া যাবে। একই দিন হলিউডে টিটমাউস হলিডে বাজারে ৫০টির বেশি স্থানীয় শিল্পী ও বিক্রেতা অংশ নেবেন। পাসাডেনার উমু স্টুডিওর হলিডে সেলও ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে সিরামিকের তৈরি বাতি, ঘর সাজানোর সামগ্রী ও ব্যবহারিক শিল্পপণ্য পাওয়া যাবে।
২৮ নভেম্বর লং বিচের মেরিন স্টেডিয়ামে বসবে প্যাচওয়ার্ক শো। পোশাক, ব্যাগ, গয়না, সিরামিক, হাতে তৈরি খেলনা ও খাবারের পাশাপাশি থাকবে সংগীত এবং শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম। একই দিন পাসাডেনার গ্রিন অ্যান্ড বিস্ক ক্লেহাউস হলিডে মার্কেটে ৭০ জনের বেশি স্থানীয় সিরামিক শিল্পীর কাজ প্রদর্শিত ও বিক্রি হবে। ডাউনটাউন লস এঞ্জেলেসের রো ডিটিএলএতে মাউম মার্কেটও ২৮ নভেম্বর এবং ১৯ ডিসেম্বর আয়োজন করবে।
ডিসেম্বরের প্রথম সপ্তাহে থাকছে আরও কয়েকটি উল্লেখযোগ্য বাজার। ৪ থেকে ৬ ডিসেম্বর মিড-উইলশায়ারের ক্রাফট কনটেম্পোরারি হলিডে মার্কেট, ৪ থেকে ৬ ডিসেম্বর পোমোনার হারভেস্ট ফেস্টিভ্যাল, ৫ ডিসেম্বর মার ভিস্তার ভেনিস উইন্টার ফেস্ট, সিলভার লেকের ইন টোডো ক্রাফট ফেয়ার এবং পাসাডেনার রিমেইন্ডার্স হলিডে মেকার মার্ট অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে স্থানীয় শিল্পীদের তৈরি পোশাক, গয়না, কাচ ও মাটির শিল্পকর্ম, বোনা সামগ্রী, চিত্রকর্ম এবং বিশেষ উপহার পাওয়া যাবে।
৫ ও ১২ ডিসেম্বর আলতাডেনার ওয়েস্ট মারিপোসা উইন্টার মার্কেটে স্থানীয় কয়েকজন নির্মাতার পণ্য বিক্রি হবে। ৬ ও ১৩ ডিসেম্বর হাইল্যান্ড পার্কের ইয়র্ক ম্যানর মার্কেটে ৩০টির বেশি স্থানীয় বিক্রেতা অংশ নেবেন। ১২ ও ১৩ ডিসেম্বর লা কানাডা ফ্লিনট্রিজের কমিউনিটি সেন্টারে হবে সিরামিক বিক্রির আয়োজন। একই তারিখে পাসাডেনায় বিএক্স সিরামিকসের স্টুডিও সেল এবং ডাউনটাউন লস এঞ্জেলেসে ইউনিক মার্কেটসও বসবে। ইউনিক মার্কেটসে ৭৫টি স্থানীয় ব্র্যান্ড, ডিজাইনার ও শিল্পীর পণ্য পাওয়া যাবে। জ্যাকালোপ আর্ট ফেয়ারের দ্বিতীয় আয়োজনও ১২ ও ১৩ ডিসেম্বর ডাউনটাউন বারব্যাঙ্কে অনুষ্ঠিত হবে।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাজারগুলোর মধ্যে কয়েকটিতে প্রবেশ বিনা মূল্যে, আবার কিছু আয়োজনে টিকিট বা জাদুঘরের প্রবেশমূল্য দিতে হবে। কোনো কোনো বাজারে শিশুদের জন্য প্রবেশ বিনা মূল্যে রাখা হয়েছে। কেনাকাটার পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট আয়োজনের সময়সূচি, প্রবেশমূল্য ও টিকিটের নিয়ম যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।