লস এঞ্জেলেস

এক শিক্ষার্থী থাকায় অন্ধ শিশুদের বিশেষ প্রি-স্কুল বন্ধ করল লস এঞ্জেলেসের স্কুল জেলা

শিক্ষার্থীসংখ্যা কমে একজন হওয়ায় অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত বিশেষ প্রি-স্কুল শ্রেণিকক্ষ বন্ধ করে দিয়েছে লস এঞ্জেলেস ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি)। বাজেট সংকট ও কম শিক্ষার্থীকে সিদ্ধান্তের কারণ হিসেবে দেখিয়েছে কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্তের ফলে বিশেষায়িত শিক্ষার ওপর নির্ভরশীল একটি পরিবার এখন সন্তানের উপযুক্ত স্কুল খুঁজতে হিমশিম খাচ্ছে। চার বছর বয়সী পাবলো নোয়েল জন্ম থেকেই সম্পূর্ণ অন্ধ। সে ভ্যান নেস এলিমেন্টারি স্কুলের বিশেষ প্রি-স্কুল শ্রেণিতে পড়ত। তার পরিবার থাকে সান পেদ্রো এলাকায়। সেখান থেকে প্রায় এক ঘণ্টা গাড়ি চালিয়ে তারা শিশুটিকে স্কুলে নিয়ে যেত, কারণ সেখানে অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের প্রয়োজন অনুযায়ী বিশেষ শিক্ষা দেওয়া হতো। পাবলোর মা আদেলিনা ক্যাম্পোস জানান, কয়েক মাস আগে স্কুল কর্তৃপক্ষ তাঁদের ক্লাসটি বন্ধ হয়ে যাওয়ার কথা জানায়। কারণ হিসেবে বলা হয়, শ্রেণিকক্ষে পাবলো ছাড়া আর কোনো শিক্ষার্থী নেই এবং স্কুল জেলা বাজেট কমানোর উদ্যোগ নিয়েছে। কয়েক দিন পর সন্তানকে নিয়ে আবার স্কুলে গেলে তাকে আর ক্লাসে ঢুকতে দেওয়া হয়নি। এরপর থেকে পাবলো স্কুলে যেতে পারেনি। ক্যাম্পোসের ভাষ্য, সন্তানের শিক্ষা যেন হঠাৎ কেড়ে নেওয়া হয়েছে। এখন সে বাড়িতে থাকে এবং প্রতিদিন মাকে জিজ্ঞেস করে, কবে আবার স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবে। বিষয়টি তাঁকে গভীরভাবে কষ্ট দিচ্ছে বলেও জানান তিনি। এই বিশেষ শ্রেণির সাবেক এক শিক্ষার্থীর মা ডায়ানা লেভাঙ্গি বলেন, অন্ধ শিশুদের প্রাথমিক দক্ষতা অর্জনে এ ধরনের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ছেলে এরিক এখন প্রথম শ্রেণিতে পড়ে। প্রি-স্কুলে বিশেষ প্রশিক্ষণ পাওয়ায় সে ব্রেইল পড়তে, নিজে বই পড়তে, দ্রুত টাইপ করতে এবং বিভিন্ন শব্দ বানান করতে শিখেছে। লেভাঙ্গির মতে, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের অনেক মৌলিক বিষয় সরাসরি শেখাতে হয়। যেমন, একটি ঘর কীভাবে চিনতে হয় কিংবা করিডর দিয়ে নিরাপদে চলাচল করতে হয়। চোখে দেখে শেখার সুযোগ না থাকায় এসব দক্ষতা তাদের আলাদাভাবে আয়ত্ত করতে হয়। তিনি আরও জানান, ভবিষ্যতে আরও দুটি শিশু এই শ্রেণিতে ভর্তি হওয়ার বয়সে পৌঁছাবে। তাদের জন্য কী ব্যবস্থা করা হবে, তা নিয়েও উদ্বেগ রয়েছে। এলএইউএসডি কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীসংখ্যা কমে যাওয়ায় শ্রেণিকক্ষটি বন্ধ করা হয়েছে। গত বছর শিক্ষার্থী বাড়তে পারে—এমন আশায় কর্মসূচিটি চালু রাখা হয়েছিল। কিন্তু চলতি শিক্ষাবর্ষের শুরুতে সেখানে মাত্র একজন শিক্ষার্থী ছিল। তবে প্রি-স্কুল বয়সী অন্ধ ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা জেলার অন্যান্য কর্মসূচির মাধ্যমে সেবা পেতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে জেলার ব্লাইন্ড অ্যান্ড লো ভিশন প্রোগ্রামের সহায়তা নেওয়া যাবে। কিন্তু পাবলোর পরিবার বলছে, বিকল্প হিসেবে যে স্থানীয় প্রি-স্কুলের কথা জানানো হয়েছে, সেটি শিশুটির বিশেষ চাহিদা পূরণে প্রস্তুত নয়। ক্যাম্পোসের দাবি, ওই স্কুলের কর্মীরা আগে কখনো কোনো অন্ধ শিশুর সঙ্গে কাজ করেননি। তাঁর আশঙ্কা, যথাযথ সহায়তা ছাড়া পাবলো দেয়ালে ধাক্কা খেতে পারে কিংবা আহত হতে পারে। প্রায় ২৫ জন শিক্ষার্থীর একটি সাধারণ শ্রেণিতে শিক্ষক তাঁর সন্তানের প্রয়োজন অনুযায়ী আলাদা করে সময় দিতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে লেভাঙ্গি মনে করেন, এই সিদ্ধান্ত শুধু একটি পরিবারের সমস্যা নয়; লস এঞ্জেলেসে অন্ধ শিশুদের বিশেষ শিক্ষা পাওয়ার সুযোগ নিয়েও বড় প্রশ্ন তৈরি করেছে। বিশেষায়িত শ্রেণিকক্ষ বন্ধ হওয়ার পর ভবিষ্যতে যেসব শিশু এ ধরনের শিক্ষার প্রয়োজন অনুভব করবে, তারা কোথায় যাবে—সেই উদ্বেগও সামনে এসেছে।