রাশিয়ার সঙ্গে যুদ্ধে আহত ব্যক্তিদের চিকিৎসায় ইউক্রেনকে ১ হাজার ৩০০টির বেশি হাসপাতালের শয্যা, ১ কোটি ১০ লাখের বেশি ব্যান্ডেজসহ বিপুল পরিমাণ চিকিৎসাসামগ্রী দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এ সহায়তার মধ্যে রয়েছে ৫০ শয্যার একটি ভ্রাম্যমাণ ফিল্ড হাসপাতাল, হাজার হাজার ক্ষত পরিচর্যার কিট এবং ২০টি বহনযোগ্য জেনারেটর। সোমবার (১৬ নভেম্বর) ইউক্রেন সফর শেষে এ সহায়তার ঘোষণা দেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম।
নিউজম রোববার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে যান। সেখানে তিনি আঞ্চলিক গভর্নর মাকসিম কোজিৎস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা যুদ্ধে নিহত ইউক্রেনীয় সেনাদের কবরস্থানে শ্রদ্ধা জানান। এ ছাড়া যুদ্ধের কারণে আহত ব্যক্তিদের পুনর্বাসনকেন্দ্র পরিদর্শন করেন এবং দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করা কয়েকটি প্রতিষ্ঠান ও স্টার্টআপের কার্যক্রম দেখেন।
ক্যালিফোর্নিয়ার দেওয়া চিকিৎসাসামগ্রীর মধ্যে থাকা ৫০ শয্যার ফিল্ড হাসপাতালটি প্রয়োজনে দ্রুত স্থাপন করা যায়। এতে রোগীদের শয্যার পাশাপাশি অক্সিজেন কনসেনট্রেটর, হুইলচেয়ার ও ক্ষত পরিচর্যার সরঞ্জাম থাকবে। এর বাইরে ১ হাজার ৩০০টির বেশি হাসপাতালের শয্যা, ১ কোটি ১০ লাখের বেশি ব্যান্ডেজ, কয়েক হাজার ক্ষত পরিচর্যার কিট, সুরক্ষাসামগ্রী এবং ২০টি বহনযোগ্য জেনারেটর পাঠানো হবে।
ক্যালিফোর্নিয়ার জরুরি সেবা দপ্তরের মাধ্যমে মানবিক সহায়তা সংস্থা ডাইরেক্ট রিলিফের সহযোগিতায় এসব সরঞ্জাম ইউক্রেনে পাঠানো হচ্ছে। অঙ্গরাজ্যটির গভর্নর কার্যালয় জানিয়েছে, যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে সহায়তা দিয়ে আসছে ক্যালিফোর্নিয়া। ২০২২ সালের প্রথম দিকে দেশটিতে পাঁচটি ৫০ শয্যার অস্থায়ী চিকিৎসাকেন্দ্র পাঠানো হয়েছিল। পাশাপাশি ৪ হাজার ৩২০টি বুলেটপ্রুফ ভেস্ট ও ১ হাজার ৫৮০টি হেলমেট সরবরাহে সহায়তা করা হয়।
নিউজম এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের মানুষ এই যুদ্ধ বেছে নেয়নি। তারা নিজেদের স্বাধীনতা, গণতন্ত্র ও ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রক্ষায় লড়াই করছে। তাদের এই সাহসের পাশে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ক্যালিফোর্নিয়ার সঙ্গে ইউক্রেনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ২০২৪ সালে অঙ্গরাজ্যটির আইনসভা ইউক্রেনের লভিভ অঞ্চলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ‘সিস্টার স্টেট’ সম্পর্ক প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে।
রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের স্বাস্থ্যসেবা খাত ব্যাপক চাপের মুখে রয়েছে। আহত মানুষের চিকিৎসা এবং হাসপাতালের সক্ষমতা বাড়াতে ক্যালিফোর্নিয়ার এই নতুন সহায়তা পাঠানো হচ্ছে।