লস এঞ্জেলেস

এল নিনো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, বাড়ি কিনে ভাড়া দেওয়ার প্রস্তাব

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় এল নিনোর প্রভাব এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাড়িঘর ও অবকাঠামো ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। উচ্চ জোয়ার, বিশাল ঢেউ এবং উপকূলীয় প্লাবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন এলাকার বসতবাড়ি ও স্থাপনা। এই পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ বাড়িঘর রক্ষায় প্রচলিত বাঁধ নির্মাণের পরিবর্তে সম্পত্তি কিনে নেওয়া এবং পরে ভাড়া দেওয়ার একটি নতুন পরিকল্পনার কথা বলছেন জলবায়ু বিশেষজ্ঞরা। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সরকার ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার বাড়িঘর মালিকদের কাছ থেকে স্বেচ্ছায় কিনে নেবে। এরপর সেসব বাড়ি বাজারদরে ভাড়া দেওয়া হবে। ভাড়া থেকে পাওয়া অর্থ দিয়ে সম্পত্তি কেনার ব্যয় ধীরে ধীরে পুনরুদ্ধার করা সম্ভব হবে। যখন সমুদ্রের পানি বাড়িঘরের জন্য অসহনীয় ঝুঁকি তৈরি করবে, তখন ভবনগুলো ভেঙে সেখানে সৈকত, জলাভূমি কিংবা প্রাকৃতিক উপকূলীয় সুরক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। বিশেষজ্ঞদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এখনো সময় রয়েছে। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরও বাড়ার আগেই উদ্যোগ নিতে হবে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেলাওয়ারের ডিজাস্টার রিসার্চ সেন্টারের বিশেষজ্ঞ এ আর সাইডার্স মনে করেন, পরিকল্পনাটি ক্যালিফোর্নিয়ার জন্য একটি বড় সুযোগ হতে পারে। তাঁর মতে, কয়েকটি ঝুঁকিপূর্ণ সম্পত্তি কেনার ব্যয় বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকারের বিপুল অর্থ ব্যয়ের তুলনায় খুব বেশি নয়। এর আগে ২০২১ ও ২০২২ সালে ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য আইনসভায় এই পরিকল্পনা নিয়ে দুটি বিল উত্থাপন করা হয়েছিল। সিনেট বিল ৮৩ এবং পরবর্তী সময়ে সিনেট বিল ১০৭৮ নামে পরিচিত প্রস্তাবগুলোতে বাড়ির মালিকদের স্বেচ্ছায় সম্পত্তি বিক্রির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে দুইবারই গভর্নর গ্যাভিন নিউসম বিলগুলোতে ভেটো দেন। তাঁর যুক্তি ছিল, কয়েক দশক ধরে চলতে পারে এমন কর্মসূচির ব্যয় কীভাবে বহন করা হবে, তা প্রস্তাবে যথেষ্ট পরিষ্কার করা হয়নি। প্রস্তাবটির অন্যতম উদ্যোক্তা সিনেটর বেন অ্যালেন বলেন, বাড়ির মালিকেরা নিজেদের সম্পত্তির মূল্য বজায় থাকা অবস্থায় বিক্রির সুযোগ পেতেন। অন্যদিকে সরকারকে দুর্যোগের পর উদ্ধার, পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিষ্কারের বিপুল ব্যয় বহন করতে হতো না। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় সম্পত্তির ঝুঁকিও বাড়ছে। আইনপ্রণেতাদের বিশ্লেষণ অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ৮০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলারের সম্পত্তি সমুদ্রের নিচে চলে যেতে পারে। উচ্চ জোয়ারের সময় আরও ৬০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলারের সম্পত্তি ঝুঁকিতে পড়তে পারে। সম্প্রতি হান্টিংটন বিচে সমুদ্রের পানিতে ১১৪টির বেশি বাড়ি ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, ২০১৫-১৬ সালের এল নিনোর সময় সান ফ্রান্সিসকোর দক্ষিণে প্যাসিফিকা এলাকায় সমুদ্রের ঢেউয়ে কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ার ঝুঁকিতে পড়ে। ওই এক মৌসুমের জরুরি পরিস্থিতি মোকাবিলায় শহরটির প্রায় ১ কোটি ৬০ লাখ ডলার ব্যয় হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রের পানি ঠেকাতে নির্মিত কংক্রিটের দেয়াল বা সি-ওয়াল সাময়িকভাবে বাড়িঘর রক্ষা করতে পারে। কিন্তু এসব দেয়াল সৈকতের প্রাকৃতিক বিস্তার বাধাগ্রস্ত করে এবং সময়ের সঙ্গে বালুকাময় সৈকত সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি করে। আবার সৈকতে নতুন বালি ফেলার উদ্যোগও ব্যয়বহুল এবং নিয়মিত পুনরাবৃত্তি করতে হয়। ইউসিএলএ স্কুল অব ল-এর জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক এমেট ইনস্টিটিউটের উপপরিচালক জুলিয়া স্টেইনের মতে, এল নিনোর বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে এ ধরনের পরিকল্পনা কতটা জরুরি। দুর্যোগ আঘাত হানার পর বাড়িঘর ছেড়ে যাওয়ার পরিবর্তে আগেভাগে নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ তৈরি করতে পারে এই কর্মসূচি। বিশেষজ্ঞদের মতে, ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকার ভবিষ্যৎ রক্ষায় এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। অন্যথায় প্রতিবার বড় ঢেউ ও জলোচ্ছ্বাসের পর জরুরি মেরামত এবং ক্ষতিপূরণের ব্যয় বাড়তেই থাকবে।