নিউইয়র্ক

কেনোশার বিক্ষোভে গুলি চালানো কিশোরের সাফাই গাইলেন ট্রাম্প

উইসকনসিনের কেনোশায় জ্যাকব ব্লেককে পুলিশের গুলির প্রতিবাদে যে বিক্ষোভ হয় তাতে এক শ্বেতাঙ্গ কিশোরের দ্বারা দু’জন নিহত হবার ঘটনায় সেই কিশোরে কোনো সমালোচনা না করে বরং সাফাই গাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


১৭ বছর বয়স্ক কিশোর কাইল রিটেনহাউসকে পুলিশ গত সপ্তাহে গ্রেফতার করে। বর্ণবাদ বিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে দু’জনকে হত্যায় তার বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’ এর অভিযোগ আনা হয়েছে। 

রিটেনহাউসের গুলিতে অ্যান্থনি হুবার (২৬) ও জোসেফ রোসেনবাউম (৩৬) নামে দুই ব্যক্তি নিহত হন ও অপর এক ব্যক্তি আহত হন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে কাইলকে মোবাইলে বলতে দেখা যায়, “আই জাস্ট কিল্ড সামবডি।” 

তবে সোমবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প কাইলের পক্ষে সাফাই গেয়ে বললেন, “সে (কাইল) তাদের কাছ থেকে পালাতে চাচ্ছিল… সে পড়ে যায় এবং তারা (বিক্ষোভকারীরা) তার ওপর সহিংসভাবে আক্রমণ করে।”

ট্রাম্প আরও বলেন, “ঘটনাটি আমাদের নজরে আচে এবং অনুসন্ধান করা হচ্ছে। কিন্তু আমার ধারণা সে বড় ধরণের বিপদে পড়েছিল, সে মারাও যেতে পারতো।”

কাইল রিটেনহাউসের ঘটনায় হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো মন্তব্য আসেনি। এ ঘটনায় এখনো যথেষ্ট তথ্য হাতে পাওয়া যায়নি বলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল। এর মধ্যেই প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন। 

উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার ট্রাম্পের কেনোশা সফরে যাওয়ার কথা রয়েছে।  







এলএ বাংলা টাইমস/এমকে