নিউইয়র্ক অঙ্গরাজ্যে ১৯৯৫ সালে নিখোঁজ হওয়া কিশোরী রবিন মারফির সন্ধান আজও মেলেনি। তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও তার পরিণতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দীর্ঘ এই অপেক্ষা ও অনিশ্চয়তা এখনো তার পরিবারকে তাড়া করে ফিরছে। সময়ের সঙ্গে ঘটনাটি পুরোনো হলেও রহস্যের সমাধান না হওয়ায় নতুন করে আলোচনায় আসছে যুক্তরাষ্ট্রের অন্যতম আলোচিত নিখোঁজের ঘটনাটি।
১৯৯৫ সালের ৯ এপ্রিল রবিনের বয়স ছিল মাত্র ১৭ বছর। ওই দিন সন্ধ্যায় নিউইয়র্কের কারমেল এলাকার শপ-রাইট প্লাজায় তাকে সর্বশেষ দেখা যায়। সেদিন প্রেমিক ম্যাট এসপোসিতোর সঙ্গে রাতের খাবার খাওয়ার কথা ছিল তার। এ জন্য মায়ের লাল রঙের ওল্ডসমোবাইল গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন রবিন। কিন্তু নির্ধারিত জায়গায় আর পৌঁছাননি তিনি।
পরবর্তী সময়ে শপিং সেন্টারের পার্কিং এলাকায় গাড়িটি পাওয়া যায়। তবে রবিনের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ হওয়ার চার দিন পর শপিং সেন্টারের পেছনের ঘাসে ঢাকা জলাভূমির কাছ থেকে তার পার্স, মানিব্যাগ, চাবি ও চেকবই উদ্ধার করা হয়। এসব আলামত তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে সেগুলো থেকেও তার নিখোঁজ হওয়ার কারণ বা অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।
রবিনের নিখোঁজ হওয়ার ঘটনায় তদন্তকারীরা পরে হাওয়ার্ড জে. গমবার্ট জুনিয়রের দিকে নজর দেন। ২০০০ সালে শিশুদের ওপর যৌন নিপীড়ন ও অন্যান্য অপরাধের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ওই তদন্তের সময় তার বান্ধবীর বাড়িতে একটি স্যুটকেসের ভেতর রবিনের অন্তর্বাস পাওয়া যায়। ডিএনএ পরীক্ষায় সেটি রবিনের বলে শনাক্ত হয়। গমবার্ট একসময় কারমেলে বসবাস করতেন এবং যে শপিং সেন্টার থেকে রবিন নিখোঁজ হয়, সেখানেই একটি লন্ড্রিতে কাজ করতেন। তিনি রবিনকে নিজের ঘনিষ্ঠ বন্ধু বলেও উল্লেখ করেছিলেন। তবে রবিনের নিখোঁজ হওয়ার ঘটনায় তাকে কখনো আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি।
রবিনের ঘটনা নিয়ে তদন্তের পাশাপাশি নিউইয়র্কের কারমেল এলাকার আরেক কিশোরী জোসেট রাইটের হত্যাকাণ্ডও আলোচনায় এসেছে। ১২ বছর বয়সী জোসেট ১৯৯৪ সালে নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় দুই কিশোরকে দোষী সাব্যস্ত করা হলেও পরবর্তী সময়ে পুনর্বিচারে তাদের দণ্ড বাতিল হয়। পরবর্তী সময়ে গমবার্টের নামও জোসেট হত্যার সঙ্গে জড়িয়ে আলোচনায় আসে। তবে রবিনের নিখোঁজের ঘটনায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি।
২০২৪ সালের এপ্রিলে পুটনাম কাউন্টির প্যাটারসন এলাকায় একটি বাড়ি নির্মাণের কাজ চলার সময় মানুষের কঙ্কালাবশেষ পাওয়া যায়। ঘটনাস্থলটি রবিন নিখোঁজ হওয়ার এলাকার খুব বেশি দূরে ছিল না। ফলে তদন্তকারীরা প্রথমে ধারণা করেছিলেন, এটি হয়তো রবিনের সন্ধান দিতে পারে। কিন্তু ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া দেহাবশেষের সঙ্গে রবিনের কোনো মিল নেই। এতে দীর্ঘদিন পর রহস্য সমাধানের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা আবারও ভেঙে যায়।
এদিকে ২০২৬ সালের নভেম্বরে সাংবাদিক পল সোলোটারফের নতুন পডকাস্ট সিরিজের মাধ্যমে ঘটনাটি আবারও আলোচনায় এসেছে। সিরিজের দ্বিতীয় মৌসুমে গমবার্টকে ঘিরে বিভিন্ন প্রশ্ন, রবিনের নিখোঁজ হওয়ার আগের সময় এবং দীর্ঘদিন ধরে নীরব থাকা ব্যক্তিদের কাছ থেকে নতুন তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে। তদন্তে নতুন কোনো সূত্র পাওয়া যায় কি না, সেটিই এখন আগ্রহের বিষয়।
তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও রবিনের পরিবার এখনো জানে না, সেদিন তার সঙ্গে আসলে কী ঘটেছিল। তিনি কোথায় আছেন, কীভাবে নিখোঁজ হলেন কিংবা এর পেছনে কারা জড়িত—এসব প্রশ্নের উত্তর আজও অজানা। পরিবারের কাছে সময় যতই গড়াক, প্রিয়জনের ফিরে আসার অপেক্ষা আর সত্য জানার আকাঙ্ক্ষা শেষ হয়নি।