লস এঞ্জেলেসে ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্বে থাকা আয়োজক কমিটির আর্থিক ঘাটতি বেড়ে ৫৯৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। নতুন প্রকাশিত কর নথিতে এ তথ্য উঠে এসেছে। আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে সংস্থাটির ঘাটতি ছিল ৩৬২ মিলিয়ন ডলার। এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে ২৩৩ মিলিয়ন ডলার।
২০২৫ সালের আর্থিক হিসাব অনুযায়ী, এলএ২৮-এর আয় ছিল ৪২ মিলিয়ন ডলার। একই সময়ে সংস্থাটির মোট ব্যয় দাঁড়ায় ২৭৫ দশমিক ৫ মিলিয়ন ডলার। ২০১৭ সাল থেকে সংস্থাটির হিসাবের ঘাটতি প্রতি বছরই বেড়েছে বলে নথিতে দেখা গেছে।
তবে আয় ও ব্যয়ের হিসাবের এই ঘাটতি নিয়ে সংস্থাটির নেতৃত্ব বলছে, এটি সরাসরি নগদ অর্থের সংকট বা কার্যক্রম পরিচালনায় লোকসানের প্রতিফলন নয়। অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে আয় স্বীকৃতি দেওয়ার সময় এবং ব্যয়ের হিসাবের মধ্যে পার্থক্য থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
এলএ২৮-এর চেয়ারম্যান কেসি ওয়াসারম্যানের ভাষ্য, সংস্থাটি এখন পর্যন্ত কোনো সরকারি উৎস থেকে অর্থ নেয়নি এবং কখনো ঋণও করেনি। তাঁর দাবি, বর্তমান ও ভবিষ্যৎ ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত নগদ অর্থ সংস্থাটির হাতে রয়েছে।
এলএ২৮-এর মুখপাত্র জেসি প্রিয়েতো লোপেজও বলেছেন, আর্থিক ঘাটতির মূল কারণ আয় হিসাবভুক্ত করার সময়ের পার্থক্য। তাঁর মতে, অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বহু বছর আগে থেকেই ব্যয় শুরু হয়। কিন্তু স্পনসরশিপ ও টিকিট বিক্রির বড় অংশের আয় অনুষ্ঠান আয়োজনের কাছাকাছি সময়ে বা গেমস চলাকালে হিসাবভুক্ত করা যায়।
সংস্থাটির দাবি, তাদের ২ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্যিক আয় চুক্তিবদ্ধ হয়েছে। এ ছাড়া ৬ মিলিয়নের বেশি টিকিট বিক্রি হয়েছে, যা ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের তুলনায় একই সময়ের হিসাবে এগিয়ে রয়েছে।
এলএ২৮-এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সাল পর্যন্ত ১ বিলিয়ন ডলারের বেশি আয় হিসাবভুক্ত করা স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে স্পনসরদের কাছ থেকে পাওয়া ৪৭৩ মিলিয়ন ডলারের বেশি নগদ অর্থ এবং টিকিট বিক্রির অংশীদারের কাছ থেকে পাওয়া ১৪০ মিলিয়ন ডলার রয়েছে। সংস্থাটির মতে, চুক্তি অনুযায়ী সেবা বা আয়োজন সম্পন্ন হলে এসব আয় হিসাবের মধ্যে যুক্ত হবে।
অন্যদিকে, সংস্থাটির কর্মীসংখ্যা দ্রুত বেড়েছে। ২০২৪ সালে ১৮৫ জন কর্মী থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ৫৪৯ জনে দাঁড়ায়। বর্তমানে কর্মীসংখ্যা ৯০০ ছাড়িয়েছে বলে লস এঞ্জেলেস নগর কর্তৃপক্ষের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন কর নথিতে শীর্ষ কর্মকর্তাদের বেতন-ভাতার তথ্যও উঠে এসেছে। ২০২৫ সালে এলএ২৮-এর প্রধান নির্বাহী রেনল্ড হুভার মোট ৯৬৫ হাজার ২২৬ ডলার পারিশ্রমিক পেয়েছেন। প্রধান পরিচালন কর্মকর্তা জন হার্পার এবং প্রধান অর্থ কর্মকর্তা কারেন স্টার্জেস প্রত্যেকে প্রায় ৭২০ হাজার ডলার পেয়েছেন।
সংস্থাটির সাবেক প্রধান নির্বাহী ক্যাথরিন কার্টার ২০২৫ সালে চাকরি ছাড়ার চুক্তির অংশ হিসেবে ৯৭৫ হাজার ডলার পেয়েছেন। ২০২৪ সালে একই চুক্তির আওতায় তিনি প্রায় ২ মিলিয়ন ডলার পেয়েছিলেন। ওয়াসারম্যান বলেছেন, ওই অর্থের মধ্যে তাঁর দায়িত্ব পালনকালে অর্জিত বোনাসও রয়েছে এবং এককালীন অর্থ দেওয়ার পরিবর্তে কয়েক বছরে পরিশোধ করা বেশি সাশ্রয়ী ছিল।
এলএ২৮-এর মুখপাত্রের বক্তব্য, কর্মকর্তাদের পারিশ্রমিক একই ধরনের বড় অলাভজনক সংস্থা ও ক্রীড়া প্রতিষ্ঠানের সঙ্গে তুলনা করে নির্ধারণ করা হয়েছে। তবে লস এঞ্জেলেসের এক নগর কাউন্সিল সদস্য এই বেতন ও সাবেক কর্মকর্তাদের বিচ্ছেদকালীন অর্থপ্রদান নিয়ে সমালোচনা করেছেন।
অলিম্পিক আয়োজনের ব্যয় নিয়েও উদ্বেগ রয়েছে। ক্রীড়া অর্থনীতি বিশেষজ্ঞ অ্যান্ড্রু জিমবালিস্টের মতে, নিরাপত্তা ব্যয় বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। লস এঞ্জেলেস পুলিশ প্রধান জিম ম্যাকডোনেলের সাম্প্রতিক অনুমান অনুযায়ী, গেমসের নিরাপত্তা ব্যয় ৩ দশমিক ৫ থেকে ৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অথচ প্রাথমিকভাবে ফেডারেল সরকারের বরাদ্দ ছিল ১ বিলিয়ন ডলার।
পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বিশেষ লেন, সাইনবোর্ড এবং অন্যান্য অবকাঠামো তৈরির অর্থায়ন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অলিম্পিক আয়োজনের ব্যয় আয়কে ছাড়িয়ে গেলে প্রথম ২৭০ মিলিয়ন ডলার ঘাটতির দায় লস এঞ্জেলেস শহর বহন করবে। পরবর্তী ২৭০ মিলিয়ন ডলারের দায় থাকবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। ৫৪০ মিলিয়ন ডলারের বেশি অনাদায়ী ব্যয় হলে শহরকেই আবার দায় নিতে হবে।
বিশেষজ্ঞদের মতে, অলিম্পিকের মতো বড় আন্তর্জাতিক আয়োজনের ক্ষেত্রে প্রস্তুতির বছরগুলোতে ব্যয় আগে দেখা যায়, কিন্তু স্পনসরশিপ ও টিকিটের আয় পরে হিসাবভুক্ত হয়। ফলে কর নথিতে বড় ঘাটতি থাকলেও গেমস শেষে প্রকৃত আর্থিক চিত্র ভিন্ন হতে পারে। তবে ব্যয় নিয়ন্ত্রণ এবং সরকারি অর্থের দায় কমানোই এখন আয়োজকদের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।