আইটি

উত্তর কোরিয়ার হ্যাকারদের ক্রিপ্টো চুরির পরিকল্পনা নস্যাৎ করল এফবিআই, চুরি হয়েছে শত শত কোটি ডলার

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি হ্যাকার চক্রের ক্রিপ্টোকারেন্সি চুরির কার্যক্রম নস্যাৎ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও দেশটির বিচার বিভাগ। অত্যাধুনিক প্রযুক্তি, ভুয়া ভিডিও কল এবং পরিচিত ব্যক্তিদের পরিচয় ব্যবহার করে বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি খাতের কর্মীদের লক্ষ্যবস্তু বানাচ্ছিল হ্যাকাররা। গত ১৮ মাসে এই কৌশলে ৪০ কোটি ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নেওয়ার তথ্য জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) মার্কিন বিচার বিভাগ জানায়, ‘ফেসস্টিলার’ (FaceStealer) নামে পরিচিত এই প্রতারণামূলক কার্যক্রমে ব্যবহৃত ক্লাউডভিত্তিক অবকাঠামো জব্দ করেছে এফবিআই। অভিযানে ভুক্তভোগীদের ৯০০টির বেশি ওয়েবক্যাম ভিডিওও উদ্ধার করা হয়েছে। এসব ভিডিও ব্যবহার করে নতুন ব্যক্তিদের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছিল হ্যাকাররা। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, হ্যাকাররা প্রথমে লিংকডইন, টেলিগ্রাম, স্ল্যাক ও ডিসকর্ডের মতো প্ল্যাটফর্মে ভুক্তভোগীদের পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। এরপর সেই পরিচয় ব্যবহার করে নতুন লক্ষ্যবস্তুর সঙ্গে যোগাযোগ করে। পরিচিত কারও কাছ থেকে ভিডিও মিটিংয়ের আমন্ত্রণ পেয়ে অনেকেই সন্দেহ ছাড়াই জুম, মাইক্রোসফট টিমস কিংবা গুগল মিটে যুক্ত হন। ভিডিও কল শুরু হওয়ার আগেই ভুক্তভোগীর ওয়েবক্যামের ভিডিও গোপনে ধারণ করে রাখে হ্যাকাররা। পরে আগের কোনো ভুক্তভোগীর রেকর্ড করা ভিডিও কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক ব্যবহার করে পরিচিত ব্যক্তির উপস্থিতি নকল করা হয়। এতে ভিডিও কলে অংশ নেওয়া ব্যক্তিরা প্রতারকদের বিশ্বাস করতে শুরু করেন। এরপর হ্যাকাররা ভিডিও বা অডিওতে সমস্যা হচ্ছে বলে ভুক্তভোগীকে জানায়। সমস্যা সমাধানের নামে একটি লিংক পাঠিয়ে বিশেষ সফটওয়্যার ইনস্টল করতে বলা হয়। কিন্তু ওই সফটওয়্যার আসলে ক্ষতিকর ম্যালওয়্যার। এটি কম্পিউটারে প্রবেশ করলে হ্যাকাররা ব্যবহারকারীর তথ্য, অ্যাকাউন্ট ও ডিজিটাল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পায়। এফবিআই জানিয়েছে, এই চক্রের লক্ষ্য শুধু ক্রিপ্টোকারেন্সি চুরি নয়। ওপেন সোর্স সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত ডেভেলপারদেরও টার্গেট করা হচ্ছে। তাঁদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারলে বহুল ব্যবহৃত সফটওয়্যারে ক্ষতিকর কোড ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর। এফবিআইয়ের তথ্যমতে, এই কার্যক্রমের সঙ্গে উত্তর কোরিয়ার একাধিক পরিচিত হ্যাকার গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে। সাইবার নিরাপত্তা জগতে তাদের স্যাফায়ার স্লিট, ইউএনসি১০৬৯, ব্লু নরঅফ ও এপিটি৩৮ নামেও শনাক্ত করা হয়েছে। বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো চুরি ফেসস্টিলার অভিযান নস্যাৎ করার পাশাপাশি উত্তর কোরিয়ার আরেকটি হ্যাকার চক্রের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। গত ২৯ অক্টোবর বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি মূল্যের ডিজিটাল সম্পদ চুরির ঘটনায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর সদস্যদের দায়ী করেছে এফবিআই। ‘ট্রেডারট্রেইটর’ নামে পরিচিত এই হ্যাকার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করছে। এ পর্যন্ত ২৭০ কোটি ডলারের বেশি চুরি হওয়া সম্পদ জব্দ বা লেনদেনের বাইরে আটকে রাখা সম্ভব হয়েছে। এর মধ্যে ১২০ কোটি ডলারের বেশি সম্পদ জব্দ বা নিয়ন্ত্রণে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, উত্তর কোরিয়ার সরকার এসব সাইবার অ প রা ধ থেকে পাওয়া অর্থ নিজেদের শাসনব্যবস্থা এবং নিষিদ্ধ অস্ত্র কর্মসূচিতে অর্থায়নের কাজে ব্যবহার করে। তবে চুরি হওয়া সম্পদ উদ্ধার ও সংশ্লিষ্ট অর্থের গতিপথ শনাক্তে তদন্ত এখনো চলছে। দুটি পৃথক সাইবার কার্যক্রমের বিরুদ্ধে এই অভিযানকে বড় অগ্রগতি হিসেবে দেখছে মার্কিন কর্তৃপক্ষ। একই সঙ্গে ব্যক্তিগত পরিচয়, ভিডিও কল ও সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এফবিআই।