আমেরিকা

যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস (Cyclosporiasis) নামের একটি পরজীবীজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে দেশটির ৪৫টি অঙ্গরাজ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মিশিগান অঙ্গরাজ্য, যেখানে ১০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। সিডিসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬ হাজার ৭০৭ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং আরও প্রায় ১১ হাজার ৫০০টি সম্ভাব্য সংক্রমণের ঘটনা তদন্তাধীন রয়েছে। এ পর্যন্ত এই রোগে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ৪২৩ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে মিশিগান, ওহাইও, নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা ও ইলিনয়। স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই চিকিৎসা নেন না বা পরীক্ষা করান না। সাইক্লোস্পোরিয়াসিস একটি অন্ত্রের সংক্রমণ, যা সাইক্লোস্পোরা নামের অণুবীক্ষণিক পরজীবীর কারণে হয়। দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে মানুষ এতে আক্রান্ত হতে পারেন। এই রোগের প্রধান লক্ষণ হলো ঘন ঘন, পানির মতো পাতলা এবং তীব্র ডায়রিয়া। এছাড়া পেটব্যথা, দুর্বলতা ও অস্বস্তিও দেখা দিতে পারে। চিকিৎসা না করলে অসুস্থতা কয়েক দিন থেকে এক মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে এবং অনেক ক্ষেত্রে উপসর্গ কমে যাওয়ার পর আবার ফিরে আসে। সাধারণত সংক্রমণের প্রায় এক সপ্তাহ পর লক্ষণ দেখা দেয়। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভেতরেই খাবার খাওয়ার পর অসুস্থ হয়েছেন এবং অসুস্থ হওয়ার আগের ১৪ দিনের মধ্যে তাঁদের কেউ বিদেশ ভ্রমণ করেননি। তবে এখনো সংক্রমণের নির্দিষ্ট উৎস শনাক্ত করা যায়নি। অতীতের বিভিন্ন প্রাদুর্ভাবে প্যাকেটজাত সালাদ, ধনেপাতা, তুলসীপাতা, রাস্পবেরি, স্নো পি এবং কাঁচা পেঁয়াজের সঙ্গে এই পরজীবীর সংযোগ পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, সাধারণত খামার বা সেচের পানির মাধ্যমে এসব খাবার দূষিত হয়, তাই সংক্রমণের প্রকৃত উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরিস্থিতির মধ্যে মিশিগান স্বাস্থ্য বিভাগ কাঁচা শাকসবজি ও ফল ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। সবজি ভালোভাবে ধুয়ে খাওয়া, সম্ভব হলে রান্না করে খাওয়া এবং লেটুস বা কাঁচা পেঁয়াজের বাইরের স্তর ফেলে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বলছে, শুধু ধুয়ে ফেললেই সব ক্ষেত্রে পরজীবী দূর নাও হতে পারে। এদিকে ফাস্টফুড প্রতিষ্ঠান টাকো বেল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু নির্বাচিত রেস্তোরাঁয় সাময়িকভাবে কয়েকটি উপকরণ ব্যবহার বন্ধ রেখেছে। তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ এখনো কোনো নির্দিষ্ট খাবার, সরবরাহকারী বা রেস্তোরাঁর সঙ্গে এই সংক্রমণের সরাসরি সম্পর্ক নিশ্চিত করেনি। সিডিসি বলেছে, যাদের ঘন ঘন পাতলা ডায়রিয়া বা এ ধরনের উপসর্গ দেখা দিচ্ছে, তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত।

এলএবাংলাটাইমস/ওএম