প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করার প্রস্তাবটি তিনি মজা করেই দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে চাকরির প্রস্তাব দেওয়ার কথা জানানোর এক দিন পর নিজের বক্তব্য থেকে সরে এসে এ কথা বলেন তিনি।
রোববার (৮ নভেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ডানা হোয়াইট এই ধারণাটি পছন্দ করেছেন বলে তাঁর মনে হয়। তবে পুরো বিষয়টি ছিল নিছক আনন্দ করার জন্য।
ট্রাম্প বলেন, ‘আমি মজা করছিলাম। তবে আমার মনে হয় ডানা ধারণাটি পছন্দ করেছে। সে খুবই যোগ্য একজন মানুষ।’
এর আগে শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছিলেন, হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি পদে নিয়োগের প্রস্তাব দিয়েছেন তিনি। পোস্টে দীর্ঘদিনের বন্ধু ও রাজনৈতিক সমর্থক হোয়াইটকে ‘যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট।
একই পোস্টে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, হোয়াইট দায়িত্ব নিলে কয়েকজন বিখ্যাত ইউএফসি যোদ্ধাকে তাঁর সহকারী হিসেবে রাখা হতে পারে। তাঁদের ছবিও পোস্টের সঙ্গে যুক্ত করা হয়েছিল।
রোববার সাংবাদিকদের কাছে ট্রাম্প ব্যাখ্যা করেন, সহকারী হিসেবে ইউএফসি যোদ্ধাদের নাম ও ছবি যুক্ত করার বিষয়টি থেকেই বোঝা উচিত ছিল যে তিনি মজা করছিলেন।
এদিকে ট্রাম্পের ঘোষণার পর ডানা হোয়াইটও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং কক্ষের পোডিয়ামের সামনে দাঁড়ানো নিজের একটি ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘নতুন অধ্যায়ের পথে।’
তবে প্রস্তাবটি গ্রহণ করবেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি তিনি। শনিবার লন্ডনে একটি বক্সিং ইভেন্টে উপস্থিত থাকার সময় সাংবাদিকদের হোয়াইট বলেছিলেন, সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে আরও কথা বলার সুযোগ হবে।
ট্রাম্প জানিয়েছেন, সোমবার হোয়াইট হাউসে ডানা হোয়াইটের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে প্রেস সেক্রেটারি পদ নিয়ে নয়, অন্য বিষয়েও তাঁদের আলোচনা হতে পারে।
এই ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর ট্রাম্প প্রশাসনে একাধিক পরিবর্তন আসছে। শুক্রবার ট্রাম্প তাঁর চিফ অব স্টাফ সুসি ওয়াইলসকে সরিয়ে দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলারকে ওই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।
অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদটিও বর্তমানে শূন্য রয়েছে। এর আগে ক্যারোলিন লেভিট দায়িত্ব ছাড়ার পর কেটি জাকারিয়া অল্প সময়ের জন্য এই পদে দায়িত্ব পালন করেন। মাত্র পাঁচ দিন পরই তাঁকে পদ ছাড়তে হয়।
ডানা হোয়াইট দীর্ঘদিন ধরে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক সমর্থক হিসেবে পরিচিত। বিভিন্ন রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে তিনি বক্তব্য দিয়েছেন এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারেও প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।