বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ–সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে। সোমবার (৯ নভেম্বর) রয়টার্সের হাতে আসা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে রয়টার্স। আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার।
তবে আবেদনটি তাঁর সরাসরি নির্দেশে করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন চিঠিটির সত্যতা ও আইনজীবীদের পক্ষে শেখ হাসিনার অনুমোদন রয়েছে কি না, তা যাচাইয়ের জন্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন, সাবেক অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির আওতায় বাংলাদেশের দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত খবরের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পরীক্ষা করে দেখছে। আবেদনটি যথাযথ নিয়মে করা হয়েছে কি না এবং আইন অনুযায়ী শেখ হাসিনার নতুন পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে কি না, তা-ও যাচাই করা হচ্ছে।
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারাও জানিয়েছেন, যুক্তরাজ্যভিত্তিক আইন প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইল পাওয়া গেছে। তবে শেখ হাসিনার পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে—এমন কোনো প্রমাণ বা অনুমোদনপত্র চিঠির সঙ্গে পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ কারণে বিষয়টি সরাসরি গ্রহণ বা প্রত্যাখ্যান না করে ঢাকায় পাঠানো হয়েছে।
শেখ হাসিনা এর আগে রয়টার্সকে জানিয়েছিলেন, তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তাঁর সহযোগীরাও বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ জানানো হবে।
তবে তাঁর দেশে ফেরার পথে বড় আইনি জটিলতা রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেন। শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে বাংলাদেশ সরকার ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আগেই জানিয়েছিলেন, তাঁকে দেশে ফেরানোর ক্ষেত্রে নতুন পাসপোর্ট দেওয়ার পরিবর্তে প্রত্যর্পণ প্রক্রিয়াকেই গুরুত্ব দিচ্ছে সরকার।
ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, অন্যদের অনেকে ভারতে ও বিভিন্ন দেশে অবস্থান করছেন।
দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনার দেশে ফেরার উদ্যোগ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি করতে পারে। একই সঙ্গে তাঁর প্রত্যাবর্তনের বিষয়টি ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল।