প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি সংস্কারের বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার জন্য হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিনকে উৎসাহিত করেছেন। তবে অভিবাসন আইন প্রয়োগের বর্তমান নীতি পরিবর্তন কিংবা অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা দেওয়ার বিষয়ে প্রশাসনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মুলিন।
সোমবার মেরিল্যান্ডে একটি কাউন্টার-ড্রোন সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, নতুন কংগ্রেসে অভিবাসন আইন নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে অনেক ডেমোক্র্যাট নেতা তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন।
মুলিন বলেন, ডেমোক্র্যাটদের পক্ষ থেকে আসা ফোনকলের বিষয়টি তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন। জবাবে ট্রাম্প তাঁদের সঙ্গে আলোচনা শুরু করতে এবং পরে কোনো এক সময়ে বৈঠকে বসতে বলেছেন।
তবে আলোচনার অর্থ যে প্রশাসনের কঠোর অভিবাসন নীতিতে পরিবর্তন আনা, তা নয় বলে স্পষ্ট করেছেন মুলিন। ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নীতি পরিবর্তনের বিষয়ে তাঁদের মধ্যে কোনো কথা হয়নি।
মুলিন আরও বলেন, প্রশাসন কখনোই সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি দেওয়ার অনুমতি দেবে না।
তবে অভিবাসন সংস্কারের আলোচনায় শৈশবে যুক্তরাষ্ট্রে আসা অনিবন্ধিত অভিবাসীদের জন্য স্থায়ী বৈধতার সুযোগ তৈরির বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
এ ক্ষেত্রে ডাকা (ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস) কর্মসূচির আওতায় থাকা অভিবাসীদের কথা বিশেষভাবে উল্লেখ করেন মুলিন।
ডাকা কর্মসূচির আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী সেইসব অভিবাসীকে সাময়িকভাবে বহিষ্কার থেকে সুরক্ষা এবং কাজের অনুমতি দেওয়া হয়, যাঁরা শিশু অবস্থায় অনিয়মিতভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।
মুলিন বলেন, অভিবাসন সংস্কারের অংশ হিসেবে ডাকা কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিদের স্থায়ী বৈধ বাসিন্দা হওয়ার সুযোগ দেওয়া যায় কি না, তা কংগ্রেস বিবেচনা করতে পারে। এ ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হলে সেটি আইনপ্রণেতাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
তাঁর এই বক্তব্যকে ডাকা কর্মসূচির আওতায় থাকা অভিবাসীদের ভবিষ্যৎ নিয়ে প্রশাসনের অবস্থানে নতুন আলোচনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
মুলিনের বক্তব্য এসেছে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ডেমোক্র্যাটদের সঙ্গে অভিবাসন সংস্কার নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করার পর। নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর অভিবাসন নীতি নিয়ে প্রশাসনের অবস্থান নতুন করে আলোচনায় আসে।
এর আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছিলেন, তাঁর প্রশাসনের দ্রুতগতির বহিষ্কার অভিযান কিছু মার্কিন ভোটারের মধ্যে অসন্তোষ তৈরি করে থাকতে পারে।
তবে অভিবাসন নীতিতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যেই ট্রাম্প তাঁর প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে স্টিফেন মিলারকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কঠোর অভিবাসন নীতির অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মিলার নতুন হোয়াইট হাউস চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হচ্ছেন।
এদিকে ডাকা কর্মসূচি নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের আগের অবস্থানের সঙ্গে মুলিনের সাম্প্রতিক বক্তব্যের কিছু পার্থক্য দেখা যাচ্ছে।
চলতি বছরের মার্চে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিভাগটি জানিয়েছিল, ডাকা কর্মসূচি যুক্তরাষ্ট্রে কোনো ধরনের স্থায়ী আইনি অভিবাসন মর্যাদা দেয় না। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিসহ কর্মসূচির আওতায় থাকা অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কার করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।
ওই পোস্টে তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েমের সঙ্গে সিনেটর ডিক ডারবিনের একটি শুনানির ভিডিও যুক্ত করা হয়েছিল। সেখানে ডারবিন জানতে চেয়েছিলেন, ডাকা কর্মসূচির আওতায় থাকা অভিবাসীদের অপরাধসংক্রান্ত অতীত যাচাই করা হয় কি না। জবাবে নোয়েম বলেছিলেন, আটক ও বহিষ্কারের ক্ষেত্রে বিভাগটি আইন অনুসরণ করে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ডাকা কর্মসূচির আওতায় থাকা ২৬৪ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছিল ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। তাঁদের মধ্যে ৯২ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রে কোনো অপরাধে অভিযুক্ত হয়েছিলেন অথবা দোষী সাব্যস্ত হয়েছিলেন বলে দাবি করেছিল বিভাগটি।
মুলিনের সোমবারের বক্তব্যের আগে কংগ্রেসের মাধ্যমে ডাকা কর্মসূচির আওতায় থাকা অভিবাসীদের স্থায়ী আইনি মর্যাদা দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এমন প্রকাশ্য ইঙ্গিত পাওয়া যায়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে ফক্স নিউজ ডিজিটাল হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যোগাযোগ করলেও প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।