ফ্লোরিডায় ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক এবং আপত্তিকর ছবি পাঠানোর অভিযোগে ২০ বছর বয়সী এক বিকল্প শিক্ষিকাকে গ্রে প্তার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষিকার নাম মিয়া আসেভেদো গ্যালার্দো। তিনি টাম্পার স্প্রিং হিল এলাকার খ্রিষ্টান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গ্রেস এডুকেশন একাডেমিতে কর্মরত ছিলেন।
হার্নান্দো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, গত ৫ নভেম্বর গ্যালার্দোর সঙ্গে ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক থাকার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেন গোয়েন্দারা। তদন্তের সময় শিক্ষার্থীর মুঠোফোনে গ্যালার্দোর পাঠানো বেশ কিছু আপত্তিকর ছবি পাওয়া যায়।
শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গ্যালার্দো ২০২৬ সালের ৭ আগস্ট থেকে ৪ নভেম্বর পর্যন্ত ওই শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদি বিকল্প শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৩ নভেম্বর তাঁকে গ্রে প্তার করে হার্নান্দো কাউন্টি ডিটেনশন সেন্টারে নেওয়া হয়।
তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো—কর্তৃত্বপূর্ণ অবস্থানে থেকে শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন বা এতে উৎসাহ দেওয়া, অপ্রাপ্তবয়স্কের জন্য ক্ষতিকর উপাদান পাঠানো এবং দ্বিমুখী যোগাযোগের মাধ্যম অবৈধভাবে ব্যবহার করা।
তবে শিক্ষিকার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।