বাংলাদেশ

বিএনপি নির্বাচনে আসবেই : প্রধানমন্ত্রী

আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং। মনে রাখবেন প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক বিএনপি নির্বাচনে আসবেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেভাবেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বললেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় কমিটির সভায় তিনি এভাবেই দলীয় এমপিদের সতর্ক করে নির্দেশনা দেন। সংসদ ভবনের নবম তলার সরকারি দলের সম্মেলন কক্ষে দেড় ঘণ্টাব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা বলেন, দলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করুন, যেখানে যতটুকু দূরত্ব আছে তা দ্রুতই ঘুচিয়ে ফেলুন। কারও বিরুদ্ধে কোনো নিউজ দেখতে চাই না, কোনো অভিযোগও শুনতে চাই না। জনগণের কাছে যান। গণসংযোগ বাড়ান।

সভার শুরতেই প্রধানমন্ত্রী আগামী ৮ জুলাই জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের মেয়াদ আরও ২৫ বছর বাড়াতে আনীত সংবিধান সংশোধন বিল পাশের দিন সবাইকে উপস্থিত থাকার নির্দেশ দেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, প্রত্যেক এমপি-মন্ত্রীর জরিপ রিপোর্ট আমার কাছে আছে। জরিপ ও তৃণমূলের মূল্যায়নের মাধ্যমে যাকেই মনোনয়ন দেয়া হবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকায় গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন, তাদের আপদে-বিপদে তাদের পাশে দাঁড়ান। দলের মধ্যে কোনো ধরনের কোন্দল, দ্বন্দ্ব বা অনৈক্য মেনে নেব না।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি