বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা আনতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১৮ দফা সিদ্ধান্ত

জাতীয় সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনতে ১৮ দফা সিদ্ধান্ত নেয়া হয়েছে। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের ৪২তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ বৈঠক হয়।

বৈঠকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রাজধানীতে চলাচলকারী সব বাসে রঙ করাসহ সৌন্দর্যবর্ধন এবং ১৮ দফা সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকে জাতীয় সড়ক ও মহাসড়কে নসিমন-করিমন, ভটভটি, ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা, লেগুনা চলাচল বন্ধ এবং এসব যানবাহনের খুচরা যন্ত্রাংশ আমদানি নিষিদ্ধ, বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার নির্ধারণ, বাসের কন্ট্রাক্ট সার্ভিস বন্ধ, গাড়িতে স্টিকার, ফ্লাগ স্ট্যান্ড, মনোগ্রাম, অননুমোদিত বীকন লাইট জ্বালানো বন্ধ করাসহ ১৮ দফা সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ওবায়দুল কাদের। 

সেতুমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে বিআরটিএ’তে জনবল বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে তিনজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতেন বর্তমানে সেখানে নতুন ৮ জনসহ ১১ জন দায়িত্ব পালন করবেন। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ৬ দিন বিআরটিএ’র সার্ভিস অব্যাহত থাকবে।

মন্ত্রী নির্ধারিত বাসের ভাড়া বাসে রাখা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন, এখন থেকে ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে সকল অনিয়ম দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি জানান, এবার ঈদের ছুটিতে সংঘটিত সড়ক দুর্ঘটনার জন্য তদন্ত রিপোর্ট আগামী ১০ দিনের মধ্যে পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী জানান, পরিবহন খাতকে শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে রাজধানীর পরিবহন সমস্যা সমাধানের উদ্যোগ নেবে।

ওবায়দুল কাদের বলেন, সড়ক মহাসড়কে অযান্ত্রিক যানবাহন বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে বাস-ট্রাক, কাভার্ড ভ্যানের অবৈধ এ্যাঙ্গেল, হুক এবং বাম্পার অপসারণের কাজ চলমান রয়েছে এবং ইতোমধ্যে ৯০ শতাংশ যানবাহনের অপসারণ কাজ সম্পন্ন হয়েছে।

মন্ত্রী বলেন, যেসব জেলায় আঞ্চলিক ট্রান্সপোর্ট কমিটি (আরটিসি) রয়েছে সেগুলো আরও বেশি সক্রিয় করতে নিয়মিত বৈঠক এবং যেসব জেলায় কমিটি নেই সেসব জেলায় দ্রুত আরটিসি কমিটি গঠনের জন্য তাগিদ দেয়া হয়েছে।

রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি