বাংলাদেশ

ওষুধ সেক্টরে বাংলাদেশ একদিন নেতৃত্ব দেবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন ওষুধ সেক্টরে বাংলাদেশ নেতৃত্ব দেবে। এখান থেকে উৎপাদিত ওষুধ সারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে।

মঙ্গলবার গোপালগঞ্জে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) তৃতীয় প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাসের যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রতিষ্ঠান উদ্বোধন করবেন। ২০১৫ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সরকারি এই ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। পুরো ব্যয় বহন করা হচ্ছে সরকারি অর্থায়নে।

তিনি আরো বলেন, এই প্রকল্পের চারটি ইউনিটের মধ্যে পেনিসিলিন ইউনিটটি সেপ্টেম্বরে ট্রায়াল উৎপাদনে যাবে। এ বছরের ডিসেম্বর থেকে এটি পূর্ণ মাত্রায় উৎপাদনে যাবে। তাছাড়া অন্য ইউনিটগুলোর পূর্ণ উৎপাদনে যেতে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে। এই ইউনিটে পেনিসিলিন জাতীয় ১২ ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন করা হবে। ইডিসিএলের নতুন এই কারখানায় ৭৭৮ জনের কর্মসংস্থানের সুযোগ হবে।

মোহাম্মদ নাসিম বলেন, বর্তমানে ইডিসিএল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মোট ওষুধের চাহিদার ৭২ শতাংশ সরবরাহ করে থাকে। গোপালগঞ্জের এই কারাখানা উৎপাদন প্রক্রিয়া পূর্ণ মাত্রায় শুরু হলে শতভাগ ওষুধ সরবরাহ ইডিসিএল থেকে সম্ভব হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামীকাল গোপালগঞ্জে নবনির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পার্শ্ববর্তী আট জেলার ২০ উপজেলায় নির্মিত ভিশন সেন্টার ভিডিও কনফারেন্সে সংযুক্ত থাকবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালেয়র তথ্য অফিসার পরীক্ষিৎ চৌধুরী এসব তথ্য জানান।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

এদিকে, বিকেলে গোপালগঞ্জের সার্কিট হাউসে পাঁচ জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেন স্বাস্থ্যমন্ত্রী। ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর জেলায় কর্মরত স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের সময় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে হেলথ কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বে মডেলে পরিণত হয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি