বাংলাদেশ

সিলেটে এমপি এহিয়াকে লক্ষ্য করে গুলি, জবাবে এমপির পাল্টা গুলি

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বর্তমান এমপি ও আগামী নির্বাচনে মহাজোট প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। জবাবে এমপি নিজেও গুলি ছুড়েছেন বলে স্বীকার করেছেন।

২ ডিসেম্বর, শনিবার মধ্যরাতে ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব এহিয়ার সঙ্গে এ ঘটনা ঘটে।

এমপির গাড়িতে হামলার পর দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। সে সময় এমপি এহিয়া চৌধুরী তার ব্যক্তিগত রিভলবার দিয়ে দুর্বৃত্তদের লক্ষ্য করে পাল্টা ১০ রাউন্ড গুলি ছুড়েন।

হামলার ঘটনায় এমপি অক্ষত থাকলেও তাকে বহনকারী জিপ গাড়িটি (ঢাকা-মেট্রো-ঘ-১১-০৫৩১) ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ওই রাতেই এমপির ব্যক্তিগত সহকারী আবু বক্কর বাদী হয়ে ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এমপি এহিয়া চৌধুরীর ব্যক্তিগত সহকারী আবু বক্কর সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত গাড়িযোগে সিলেট শহরে ফিরছিলেন এহিয়া চৌধুরী। পথে বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে আসামাত্রই ৪-৫ অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাদের গাড়িতে হামলা চালালে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়।

ঘটনার পর দুর্বৃত্তরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাচ্ছে দেখে এমপি গাড়ি থেকে নেমে তার ব্যক্তিগত রিভলবার দিয়ে ১০ রাউন্ড গুলি ছুড়েন বলে জানান তিনি।

এ ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন বলেন, দুর্বৃত্তরা এমপি এহিয়া চৌধুরীর গাড়িতে হামলা করেছে। তিনি অক্ষত থাকলেও তার গাড়ির সামনের কিছু কাঁচ ভেঙে গেছে।

তিনি আরও বলেন, ‘এমপি নিজের আত্মরক্ষার্থে তার ব্যক্তিগত রিভলবার থেকে ১০ রাউন্ড গুলি ছুড়েছেন বলে আমাদের জানিয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি