বাংলাদেশ

ভোটের বাকি ২ দিন: সারা দেশে গ্রেপ্তার মামলা চলছেই

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলায় ব্যাপক হারে গ্রেপ্তার ও গায়েবি মামলা অব্যাহত রয়েছে। গতকাল বিভিন্ন জেলায় কয়েকশত বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে- গ্রেপ্তার দেড়শতাধিক, কুলিয়ারচরে ৫, সিরাজগঞ্জে ১৭, বরগুনায় ৫, সখীপুরে ১৩, মেহেরপুরে বিএনপির সহসভাপতি, দোয়ারাবাজারে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সাঁথিয়ায় ১০, বিরল উপজেলা চেয়ারম্যান, কমলগঞ্জে যুবদল নেতা, সোনাইমুড়ীতে ১১, রাঙ্গামাটিতে ৩, বোয়ালমারীতে ৮, ভালুকায় ৫, ডিমলায় ১০. জগন্নাথপুরে ১০ জন রয়েছেন। এছাড়া গাজীপুর, সখীপুর ও ভালুকায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কুলিয়ারচরে বিএনপি ও অঙ্গসংগঠনের আরো ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুবেল মিয়া, কাদির মিয়া, মো. জজ মিয়া, মো. তাজুল ইসলাম ও মো. চান মিয়া। বুধবার উপজেলার ক্ষুদ্র ভাগলপুর, আগরপুর পশ্চিম পাড়া, বাগপাড়া, মনোহরপুর ও তারাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের আদালতে চালান দেয়া হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. রুবেল মিয়াকে কুলিয়ারচর থানার মামলা নং ৫(১২)১৮ এবং কাদির মিয়া, মো. জজ মিয়া, মো. তাজুল ইসলাম ও মো. চান মিয়াকে কুলিয়ারচর থানার মামলা নং ১৫(১২)১৮ মূলে আদালতে চালান দেয়া হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত সিরাজগঞ্জ সদর, বেলকুচি, উল্লাপাড়া, সলঙ্গা, রায়গঞ্জ ও এনায়েতপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বরগুনা প্রতিনিধি: গ্রেপ্তারি পরোয়ানা অথবা এজাহারে নাম না থাকা সত্ত্বেও বরগুনা পৌর ছাত্রদল সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিমসহ ৫ জন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের নাম এজাহারে না থাকলেও নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা হলেন- বরগুনা পৌর ছাত্রদল সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিম, বরগুনার নলটোনা ইউনিয়ন ছাত্রদল কর্মী সুমন, বামনা উপজেলা যুবদল কর্মী মো. স্বপন হাওলাদার, বেতাগী উপজেলা যুবদল কর্মী মো. নাইম সরদার ও আবুল কালাম।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগে ঐক্যফ্রন্টের ৩৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কুতুব উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ঐক্যফ্রন্ট প্রার্থী কুঁড়ি সিদ্দিকীর নির্বাচনী আখেরি জনসভা করে ফেরার পথে পুলিশ পৌর কৃষক শ্রমিক জনতালীগের সহসভাপতি আব্বাস আলীসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
মহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সহসভাপতি ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আঃ রাজ্জাককে আটক করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে দলের একাধিক সূত্রে জানা যায়।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলকে আটক করেছে পুলিশ।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: সাঁথিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ আলীসহ বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সাঁথিয়া পৌর সদরের কোনাবাড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে বিএনপি নেতা আশরাফ আলী গ্রেপ্তার হন। এছাড়া বুধবার রাতে উপজেলার করমজা সরদারপাড়া থেকে সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মহরমকে গেপ্তার করেছে পুলিশ। একই রাতে উপজেলার গঙ্গারামপুর গ্রামের আঃ বাতেনের ছেলে বাহেজ আলী, পাটগাড়ি গ্রামের জহির মোল্লার ছেলে আশরাফ আলী, পূর্ব ভবানীপুরের গোলাম আলীর ছেলে মাহবুব হোসেন মজনু, একই গ্রামের ইমদাদুল হক মহরির ছেলে হাবিল, বড় পাতাইল হাটের হামিদ মোল্লার ছেলে চাঁদ আলী, ধুলাউড়ীর রইজ উদ্দীনের ছেলে রেজাউল করিম, পাইকপাড়ার আলী আক্কাসের ছেলে খলিলুর রহমান ও আ: জলিলকে গেপ্তার করে পুলিশ।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে: নাশকতার মামলায় দিনাজপুরের বিরল উপজেলা চেয়ারম্যান ও বিরল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার ১ নম্বর আজিমপুর ইউনিয়নের রুনিয়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে: এ পর্যন্ত গাজীপুর-২ (টঙ্গী-সদর) আসনের ৪টি থানায় দুই দিনে ঐক্যফ্রন্ট নেতাকর্মীদের নামে আরো ৬টি মামলা রেকর্ড হলো। এর আগে ২০শে ডিসেম্বর আদালতে বিএনপি প্রার্থীর জামিন বাতিল হওয়ার দিনই গাছা থানায় ও ১৬ই ডিসেম্বর টঙ্গী পূর্ব থানায় আরো পৃথক দুটি মামলা রেকর্ড হয়। এসব মামলায় মোট আসামি ৫৬৭ জন ও গ্রেপ্তার হয়েছেন দেড় শতাধিক ঐক্যফ্রণ্ট নেতাকর্মী। এ ছাড়া মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে একই ব্যক্তির নামে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
আরো ১২ জন গ্রেপ্তার: কাউলতিয়া এলাকাসহ গাজীপুর মহানগরের সদর থানা এলাকায় গত বুধবার বিএনপির ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- হাজী আব্দুল বারেক, আব্দুল অহিদ, আব্দুল মালেক, আলমগীর হোসেন, বেলায়েত হোসেন, সিরাজ উদ্দিন মাতবর, নাজমুল খন্দকার সুমন, আসলাম উদ্দিন, মোশারফ হোসেন, মিজান (হাড়িনাল), কামরুজ্জামান শামীম ও মোবারক হোসেন (বাসন)।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালত পাড়া থেকে মৌলভীবাজার মডেল থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানার পুলিশ।
সোনাইমুড়ীতে বিভিন্ন মামলায় বিএনপির আটক ১১।
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপির নেতাকর্মীসহ ১১জনকে আটক করেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাঙ্গামাটি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুইদিন আগে আবারো ভারী অস্ত্র একে ২২ সাবমেশিনগান উদ্ধারসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বিলাইছড়ি থানা কর্তৃপক্ষ জানায়, আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস (মূলদল) এর সশস্ত্র সন্ত্রাসী বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা (৪৬), পিতা- অমৃত সেন তঞ্চঙ্গ্যা, পাভেল তঞ্চঙ্গ্যা (২২), পিতা-বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা, এবং যতীন কান্তি তঞ্চঙ্গ্যা (৪৮), পিতা-অমৃত সেন তঞ্চঙ্গ্যা। আটককৃতদের কাছ থেকে ১টি ২২ সাব মেশিনগান, ৩টি এমোনেশন, ৪টি চাইনিজ চাকু উদ্ধার করা হয়।
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে বিএনপি নেতাসহ ৮ সমর্থককে আটক করেছে থানা পুলিশ।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চুসহ ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮শ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ২৫শে ডিসেম্বর মঙ্গলবার রাতে মামল করেছেন ভালুকা মডেল থানা পুলিশ।
এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর শ্রমিক দলের আহ্বায়ক সৌমিক আহসান সোহাগ, সাইজুদ্দিন, মফিজুল, মাফুজ ও মাজাহারুল ইসলাম।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলো- খালিশা চাপানী ইউনিয়নের জামায়াতের আমীর ও ডালিয়া গ্রামের মৃত কবীর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪০), পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের মৃত আব্বাস আলীর জামায়াত নেতা আমিনুল ইসলাম (৪২), খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহল পাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে জামায়াত নেতা আলীমুর রেজা (৪৩), ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের মৃত ইছাতুল্লার ছেলে জামায়াত নেতা সাখাওয়াত হোসেন (২৮), একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জামায়াত নেতা আনিছুর রহমান (৪২) এবং উত্তর ঝুনাগাছ চাপানী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে জামায়াত নেতা আব্দুস ছামাদ (৪৫)।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে গত বুধবার রাতে বিএনপির চার নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার তাদেরকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের স্থানীয় বিএনপি নেতা লুৎফুর রহমান, পৌরশহরের কেশবপুর এলাকার বিএনপি নেতা তৈয়বুর রহমান, উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামের বিএনপি নেতা রুহেল মিয়া ও একই গ্রামের ছাত্রদল কর্মী শাহ জমিরুল ইসলাম।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি