আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ ছেলে হদাব আকবর চৌধুরী লাবু ফরিদপুর-২ আসনের (নগরকান্দা, সালথা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন) উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।
নির্বাচনে শাহদাব আকবর চৌধুরী লাবু ৬৮ হাজার ৮১২ ভোট পেয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট। শনিবার (৫ নভেম্বর) সকাল ৮টায় ওই আসনের ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।
উল্লেখ্য, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর সংসদীয় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ফরিদপুর-২ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয়ের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান। তিনি বলেন, “নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।”
ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এতে মোট ভোটার ৩ লাখ ১৮ হাজার ৫৮৫ জন। তবে এর মধ্যে এক লাখেরও কম মানুষ ভোট দিয়েছেন। ১২৩ ভোট কেন্দ্রে ৮০৬টি ভোট কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিলেন। ভোটকেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় ছিল।
এলএবাংলাটাইমস/এনএইচ