প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না। আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী।’ শুক্রবার (১১ নভেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, 'আমরা যুবদের কর্মসংস্থান দিয়েছি, বিএনপি হত্যা করেছে। অনেকে নাকি আমাদের উন্নয়ন চোখে দেখে না। চোখ থাকতে অন্ধ হলে দেখবে কী করে? আমরা কত যুবকের কর্মসংস্থান করেছি। আর জিয়াউর রহমান ও খালেদা জিয়া? সবই তো একই ইতিহাস। হাজার হাজার যুব নেতাদের হত্যা করেছেন।'
প্রধানমন্ত্রী বলেন, `যুবলীগ আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রামে অবস্থান আছে (অংশ নিয়েছে)। যুবক থাকলে কাজ করার অনেক সুবিধা। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবদের সম্পৃক্ত করতে যুবলীগ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তরুণরাই পারে দেশকে গড়ে তুলতে।'
তিনি বলেন, 'আমি করোনার সময় আহ্বান করেছিলাম, কৃষক ধান কাটতে পারেনি, তারপর যুবলীগসহ সকল সহযোগী সংগঠন কৃষকের ধান কেটে দিয়েছে। এরপর আমি আহ্বান করেছি, যুবলীগ বৃক্ষরোপণ করেছে। এভাবে মানুষের পাশে আমাদের এখনো দাঁড়াতে হবে।'
এলএবাংলাটাইমস/এজেড