প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ফরিদপুরে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। ফরিদপুরের আদালতে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
মঙ্গলবার (৬ জুন) সকাল পৌনে ১১টার দিকে তাকে একটি পুলিশ ভ্যানে করে শতাধিক পুলিশ পাহারায় আদালতে হাজির করা হয়। পরে এজলাসে ১৫ মিনিট অবস্থানের পর বিচারক তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠান।
পুলিশ পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয় চাঁদকে। এ সময় চাঁদকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ মামলার বাদীপক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারী বলেন, আবু সাঈদকে আজ শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এ মামলার শুনানি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।
গত ২৩ মে ফরিদপুর ১ নম্বর আমলি আদালতে (সদর) মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
এলএবাংলাটাইমস/আইটিএলএস