বাংলাদেশ

সরকারের সমালোচনা করা বিএনপির অভ্যাস: নানক

‘দেশে আইনের শাসন নেই তাই বেইলি রোডে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে পাট ও বস্ত্র মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নিজের দায়িত্ব পালন না করে সরকারের সমালোচনা করা বিএনপির অভ্যাস। শনিবার রাজধানী লালমাটিয়া মহিলা স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন পাটমন্ত্রী। এ সময় তিনি সকল প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখার তাগিদ দেন। বিএনপি মহাসচিবের মন্তব্য নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে নানক বলেন, আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি অভ্যাসে পরিণত হয়েছে, সব কিছুর বিরোধীতা করা। নিজের দায়িত্ব পালন না করে সরকারের সমালোচনা ও বিরোধীতা করা তাদের একটি অভ্যাস।

বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির সমালোচনা করে পাটমন্ত্রী বলেন, দেখেন এতো বড় একটি আগুন হলো। তারা কি তাদের দায়িত্ব পালন করেছে। করেনি। তারা ঘটনাস্থলে ছুটে যায়নি। এখন পর্যন্ত যারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেখানে বিএনপির কেউ যাননি। যারা নিহত হয়েছে তাদের প্রতি বিএনপি কোনো সহানুভূতিও জানায়নি। আসলে বিএনপি একটি সূত্র বের করে আর সেই সূত্র উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা তাদের সমস্ত দায় দায়িত্ব এড়িয়ে যেতে চায়। এরা আসলে দায়িত্বহীন একটি রাজনৈতিক দল। তাই বিএনপি কি বলছে তাতে মানুষের আর দৃষ্টি নেই। বেইলি রোডের অগ্নিকাণ্ড নিয়ে তিনি বলেন, এটি দুর্ঘটনা না নাশকতা বিষয়টি তদন্ত হচ্ছে। তদন্তের পর আসল ঘটনা কি বের হবে। তবে আমি বলব, ওই ঘটনায় সংশ্লিষ্ট রেস্টুরেন্ট মালিক থেকে শুরু করে যারা সেখানে নিয়ম বহির্ভুতভাবে কাজ করছে এবং যাদের নিয়মনীতি পালনে বাধ্য করার কথা তারাই সকলেই সতর্ক হবেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস