বাংলাদেশ

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়াতে পারে। একপর্যায়ে ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র বিশেষ বিজ্ঞপ্তি-১-এ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নচাপটি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। একই সময়ে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ১ হাজার ৯০০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা বা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে জেলে ও সমুদ্রগামী নৌযান পরিচালনাকারীদের নিয়মিত সরকারি আবহাওয়া পূর্বাভাস অনুসরণ করতে বলা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।