লস এঞ্জেলেস

ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

প্রশান্ত মহাসাগর থেকে আসা বিশাল ঢেউয়ের আঘাতে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল। শনিবার (১৪ নভেম্বর) সান দিয়েগো থেকে মালিবু পর্যন্ত বিভিন্ন এলাকায় সৈকত ও পিয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। উপকূলীয় বাড়িঘর ও অবকাঠামোও পড়েছে ঝুঁকির মুখে। উত্তর ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় ঢেউয়ের উচ্চতা ৫০ ফুট ছাড়িয়ে গেছে। জাতীয় আবহাওয়া দপ্তর ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা জারি করেছে। সান ফ্রান্সিসকো বে এলাকার আবহাওয়াবিদ র‍্যাচেল কেনেডি জানান, উপকূলের বড় অংশে ঢেউয়ের উচ্চতা ২৫ থেকে ৩৫ ফুট পর্যন্ত পৌঁছেছে। জনপ্রিয় সার্ফিং স্পট ম্যাভেরিকসের মতো কিছু স্থানে বিচ্ছিন্নভাবে ৫০ থেকে ৬০ ফুট উঁচু ঢেউ দেখা গেছে। কেনেডি সমুদ্রসৈকতে না যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, এই সপ্তাহান্তে সৈকত মানুষের জন্য নিরাপদ জায়গা নয়। ঢেউ দেখতে গিয়ে কেউ বিপদে পড়লে উদ্ধারকর্মীদেরও ঝুঁকির মুখে পড়তে হবে। তাই সমুদ্রের কাছাকাছি গেলে নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি। শুক্রবার থেকেই ঢেউয়ের তীব্রতা বাড়তে শুরু করে। ম্যানহাটন বিচ পিয়ারের নিচে বড় বড় ঢেউ আছড়ে পড়তে থাকে। পরিস্থিতি বিবেচনায় শনিবার সকালে কর্তৃপক্ষ পিয়ারটি বন্ধ ঘোষণা করে। পর্যটকদের কাছে জনপ্রিয় এই স্থাপনাটি সাধারণত এমন পরিস্থিতিতে বন্ধ করা হয় না। উত্তর ক্যালিফোর্নিয়ার সান মাতেও কাউন্টির উপকূলীয় এলাকায় পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। প্যাসিফিকা ও হাফ মুন বে এলাকায় বিশাল ঢেউ আছড়ে পড়ে শহরের রাস্তায় পানি উঠে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢেউয়ের ধাক্কায় কয়েকজন মানুষ পড়ে যান। বড় ঢেউ আসতে দেখে অনেককে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। পয়েন্ট রেইসের কাছে একটি সমুদ্রবয়া শনিবার সকালে ৩১ দশমিক ২ ফুট উচ্চতার ঢেউ রেকর্ড করেছে। ২০১৫ সালের পর এটিই ওই এলাকায় সর্বোচ্চ রেকর্ড করা ঢেউ বলে জানিয়েছেন আবহাওয়াবিদ কেনেডি। উপকূলের দক্ষিণাঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে শনিবার ঢেউয়ের উচ্চতা ৬ থেকে ৯ ফুট থাকার পূর্বাভাস দেওয়া হয়েছিল। পরে তা বেড়ে ৮ থেকে ১২ ফুটে পৌঁছাতে পারে বলে জানায় আবহাওয়া দপ্তর। ভেনচুরা কাউন্টিতেও প্রায় একই উচ্চতার ঢেউয়ের আশঙ্কা ছিল। সান লুইস ওবিসপো কাউন্টিতে ঢেউয়ের উচ্চতা ১০ থেকে ১৫ ফুট থেকে বেড়ে ১৮ থেকে ২৫ ফুট পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। সান্তা ক্রুজ কাউন্টির ক্যাপিটোলা এলাকার উপকূলের একটি অংশে সরিয়ে নেওয়ার সতর্কতাও জারি করে শেরিফের কার্যালয়। আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরে ঝড়ের তীব্রতাই এই অস্বাভাবিক ঢেউয়ের প্রধান কারণ। বিশেষ করে আলাস্কার উপসাগরের কাছাকাছি উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরে হারিকেন-সম শক্তিশালী বাতাস উত্তর-পশ্চিম দিক থেকে বড় ঢেউ তৈরি করছে। সেই ঢেউ ক্যালিফোর্নিয়ার উপকূলে এসে আছড়ে পড়ছে। প্রাথমিক ঢেউয়ের তীব্রতা কিছুটা কমতে শুরু করলেও বিপদ এখনো কাটেনি। চলতি সপ্তাহে উত্তর-পশ্চিম দিক থেকে আরও কয়েক দফা শক্তিশালী ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ফলে উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বড় ঢেউয়ের পাশাপাশি শক্তিশালী স্রোতও সাঁতারু ও সার্ফারদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঢেউ হঠাৎ সৈকতের অনেক ভেতর পর্যন্ত চলে আসতে পারে। তাই সৈকত, পাথুরে বাঁধ, জেটি ও পিয়ারের কাছাকাছি অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।