ভারতের সিকিম অঞ্চলের আকাশসীমায় ঢুকে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে চীনের একটি যুদ্ধবিমান। গত ১২ নভেম্বরের এ ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এলাকায় এমন অনুপ্রবেশের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
সাধারণত অন্য দেশের আকাশসীমায় কয়েক সেকেন্ডের অনুপ্রবেশকেও গুরুতর নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখা হয়। সেখানে একটি চীনা যুদ্ধবিমান কীভাবে ভারতের আকাশসীমায় এতক্ষণ অবস্থান করল এবং কেন সেটিকে দ্রুত সরিয়ে দেওয়া সম্ভব হয়নি, তা নিয়ে ভারতীয় মহলে আলোচনা শুরু হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্রের বরাতে শনিবার (১৪ নভেম্বর) এ ঘটনা প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম। বিষয়টি নিয়ে ভারতীয় বিমানবাহিনীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সূত্রের তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর স্থানীয় সময় সকাল ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনী চীনা যুদ্ধবিমানটির গতিবিধি শনাক্ত করে। এরপর সেটিকে ভারতীয় ভূখণ্ড ছেড়ে ফিরে যাওয়ার জন্য একাধিকবার সতর্কবার্তা পাঠানো হয়। তবে এসব বার্তা উপেক্ষা করে বিমানটি ওই এলাকার আকাশে চক্কর দিতে থাকে।
যুদ্ধবিমানটিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় শনাক্ত করা হয়েছিল। তবে এটি ঠিক কোন ধরনের যুদ্ধবিমান ছিল, কোন পথে ভারতের আকাশসীমায় প্রবেশ করেছিল এবং কখন সেখান থেকে বেরিয়ে যায়—এসব বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
ভারত-চীন সীমান্তে চীনা সামরিক উড়োজাহাজের উপস্থিতি নিয়ে এর আগেও একাধিকবার উদ্বেগ দেখা দিয়েছে। ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছ দিয়ে চীনের একটি সামরিক উড়োজাহাজ উড়ে যায়। ভারতীয় সেনা সদস্যদের পাশাপাশি রাডারেও সেটির উপস্থিতি ধরা পড়ে। পরে এ বিষয়ে চীনের কাছে উদ্বেগ জানায় নয়াদিল্লি।
২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে সামরিক অচলাবস্থা চলার সময় সীমান্তের কাছাকাছি এলাকায় চীনা সামরিক হেলিকপ্টার উড়তে দেখা যায়। ওই সময় ভারতীয় যুদ্ধবিমানও এলাকায় টহল দেয়। তবে চীনা হেলিকপ্টারগুলো ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি বলে দাবি করেছিল ভারত।
এর আগে ২০১৭ সালের ১১ অক্টোবর উত্তরাখন্ডের বারাহোতি এলাকায় দুটি চীনা হেলিকপ্টার ভারতের আকাশসীমায় ঢুকে পড়েছিল বলে খবর প্রকাশিত হয়। একই বছরের ৭ নভেম্বর লাদাখেও চারটি চীনা হেলিকপ্টারের সীমান্ত অতিক্রম করে প্রবেশের অভিযোগ ওঠে। এর মধ্যে একটি হেলিকপ্টার প্রায় ৩০ মিনিট একই এলাকায় অবস্থান করেছিল বলে জানা যায়।
এ ছাড়া ২০১৭ সালের জুনে উত্তরাখন্ডের চামোলি জেলায় চীনা সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার প্রায় পাঁচ মিনিট ধরে চক্কর দেয়। ডোকলাম অচলাবস্থা শুরুর প্রায় তিন মাস আগে ওই ঘটনা ঘটে।