বাংলাদেশ

দুবাইয়ের রেস্তোরাঁয় পরিচয়, ভালোবাসার টানে কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে অশ্বিনী

দুবাইয়ে একই রেস্তোরাঁয় কাজ করতে গিয়ে পরিচয়, সেখান থেকে প্রেম এবং পরে আদালতে বিয়ে। সেই সম্পর্কের সূত্র ধরেই ভারতের কেরালা থেকে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বামীর বাড়িতে এসেছেন অশ্বিনী ওরফে আয়শা নামের এক তরুণী। বিদেশি এই নববধূকে দেখতে প্রতিদিনই মাসুদ রানার বাড়িতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। মাসুদ রানা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের হাজীপাড়া গ্রামের বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে ২০২১ সালের শেষ দিকে দুবাই পাড়ি জমান মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি। প্রায় তিন বছর পর ওই একই রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন ভারতের কেরালা রাজ্যের তরুণী অশ্বিনী। একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে দুজনের মধ্যে পরিচয় হয়। সময়ের সঙ্গে সেই পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং একপর্যায়ে তাঁরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। মাসুদ রানা জানান, দুজনের ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। পরে দুবাইয়ের আদালতে বিয়ে করেন। বিয়ের পর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর একসঙ্গে সংসার করেছেন তাঁরা। সম্প্রতি মাসুদ দেশে ফিরে আসেন। এরপর ভারত থেকে বাংলাদেশে এসে পীরগঞ্জে স্বামীর বাড়িতে ওঠেন অশ্বিনী। অশ্বিনী জানান, দুবাইয়ের রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করার সময় মাসুদ রানার সঙ্গে তাঁর পরিচয় হয়। শুরুতে একে অপরকে ভালো লাগলেও পরে সেই অনুভূতি ভালোবাসায় পরিণত হয়। দুজনের সম্মতিতেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। অশ্বিনীর ভাষ্য অনুযায়ী, তাঁর পরিবার এই সম্পর্ক ও বিয়ে মেনে নিয়েছে। একইভাবে স্বামীর পরিবারের সদস্যরাও তাঁকে সাদরে গ্রহণ করেছেন। শ্বশুরবাড়ির সবাইকে ভালো মানুষ উল্লেখ করে তিনি বলেন, মাসুদ রানাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি আনন্দিত। মাসুদ রানার মা জানান, ছেলের বিয়ের বিষয়টি জানার পর পরিবারের সবাই তাঁদের সম্পর্ক মেনে নিয়েছেন। অশ্বিনীকে তাঁরা পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন।