নিউইয়র্কের ব্রুকলিনে ভয়াবহ ভবনধসের পর চার দিন ধরে নিখোঁজ থাকা একটি পোষা বিড়ালকে জীবিত উদ্ধার করা হয়েছে। ১৩ বছর বয়সী জারিয়াহ কোলম্যানের প্রিয় বিড়াল আইজ্যাককে খুঁজে পেতে তার কান্নাভেজা আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উদ্ধারকাজে এগিয়ে আসে একটি প্রাণী উদ্ধারকারী সংস্থা। রোববার (১৫ নভেম্বর) বিড়ালটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
গত বুধবার ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় একটি ভবন ধসে আটজন নিহত হন। আহত হন আরও ১৮ জন। আশপাশের কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। জারিয়াহর পরিবারও পাশের একটি ভবনে বসবাস করত। ধসের ঘটনায় তাদের অ্যাপার্টমেন্টের এক পাশ ক্ষতিগ্রস্ত হয়। দেয়ালের একটি অংশ ভেঙে যাওয়ায় ঘরের ভেতরের অংশ বাইরে থেকে দেখা যাচ্ছিল।
ভবনধসের পর বাড়িতে ফিরে জারিয়াহ প্রথমেই খোঁজ করেন তার পোষা বিড়াল আইজ্যাকের। কিন্তু ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত ঘরের মধ্যে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরাও নিরাপত্তাজনিত কারণে ঘরে ঢুকতে পারছিলেন না।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে জারিয়াহ তার বিড়ালটিকে খুঁজে দেওয়ার আবেদন জানায়। সে জানায়, ভবন কেঁপে ওঠার পর প্রথমেই তার মনে হয়েছিল বিড়ালটির কথা। আইজ্যাক ভয়ে কোথাও লুকিয়ে আছে বলে তার ধারণা ছিল। সে উদ্ধারকারীদের কাছে অনুরোধ জানায়, যেন তারা তার পোষা প্রাণীটিকে খুঁজে বের করেন।
জারিয়াহর সেই আবেদন নজরে আসে নিউইয়র্কের প্রাণী উদ্ধারকারী সংস্থা ফ্ল্যাটবুশ ক্যাটসের নির্বাহী পরিচালক উইল জুইগার্টের। পরে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস এবং মেয়রের প্রাণী কল্যাণ দপ্তরের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান শুরু হয়।
রোববার জুইগার্ট ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে গিয়ে আইজ্যাককে খুঁজতে থাকেন। কয়েকবার খোঁজার পর রান্নাঘরের সিঙ্কের নিচে একটি ক্যাবিনেটের ভেতর থেকে ক্ষীণ ডাক শুনতে পান তিনি। পরে সেখানে একটি ব্যাগের পেছনে লুকিয়ে থাকা বিড়ালটিকে খুঁজে পাওয়া যায়। ভয়ে সেটি নিজেকে যতটা সম্ভব আড়াল করে রেখেছিল।
উদ্ধারের সময় আইজ্যাক টানা চার দিন খাবার ও পানি ছাড়া ছিল। পরে তাকে ফ্ল্যাটবুশ ক্যাটসের পরিচালিত পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠলে কয়েক দিনের মধ্যে তাকে পরিবারের কাছে পুরোপুরি ফিরিয়ে দেওয়ার আশা করা হচ্ছে। তবে উদ্ধারের দিনই জারিয়াহ তার বিড়ালটিকে দেখতে পায় এবং দুজনের পুনর্মিলন ঘটে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি সামাজিক যোগাযোগমাধ্যমে আইজ্যাককে উদ্ধারের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি নগরীর ভবন বিভাগ, ফ্ল্যাটবুশ ক্যাটস এবং মেয়রের প্রাণী কল্যাণ দপ্তরের সহযোগিতার প্রশংসা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আইজ্যাক প্রয়োজনীয় পশুচিকিৎসা পাচ্ছে।
ভবনধসের ভয়াবহ ক্ষয়ক্ষতির মধ্যে বিড়ালটিকে জীবিত ফিরে পাওয়ার ঘটনা জারিয়াহ ও তার পরিবারের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।