আইটি

চাঁদে দীর্ঘমেয়াদে কাজের জন্য নভোচারী নিচ্ছে নাসা, বছরে বেতন প্রায় ১ লাখ ৬৪ হাজার ডলার

চাঁদে দীর্ঘ সময় অবস্থান করে গবেষণা ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য নতুন নভোচারী নিয়োগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নির্বাচিত প্রার্থীদের বছরে বেতন দেওয়া হবে ১ লাখ ৬৪ হাজার ৩৯৫ ডলার। আগ্রহীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। নাসার প্রশাসক জারেড আইজ্যাকম্যান জানিয়েছেন, নভোচারী দলে যোগ দেওয়ার মাধ্যমে চাঁদে পা রাখা, সেখানে বসবাস এবং কাজ করার সুযোগ পাবেন নির্বাচিত ব্যক্তিরা। পাশাপাশি মঙ্গল গ্রহে নভোচারীদের পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও পরিচালন কার্যক্রমেও ভূমিকা রাখবেন তাঁরা। নাসার ওয়েবসাইটে ইতিমধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই পদে আবেদন করতে হলে বেশ কিছু কঠোর যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। পাশাপাশি বিজ্ঞান বা প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চাঁদে অন্তত দুই বছর কাজ করার প্রস্তুতিও থাকতে হবে প্রার্থীদের। যাঁরা মহাকাশযানের পাইলট হিসেবে কাজ করতে চান, তাঁদের জন্য রয়েছে বাড়তি শর্ত। উচ্চক্ষমতাসম্পন্ন জেট বিমানে পাইলট-ইন-কমান্ড হিসেবে অন্তত ৭৫০ ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা থাকতে হবে। নভোচারী নির্বাচনের ক্ষেত্রে নাসার দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৬০-এর দশক থেকে এখন পর্যন্ত সংস্থাটি নভোচারী প্রার্থী হিসেবে প্রশিক্ষণের জন্য ৩৭০ জনের বেশি মানুষকে বেছে নিয়েছে। সর্বশেষ ২০২৪ সালে আট হাজারের বেশি আবেদনকারীর মধ্য থেকে ১০ জনকে নভোচারী হিসেবে নির্বাচন করেছিল নাসা। এবারও নতুন নিয়োগের মাধ্যমে মহাকাশ গবেষণা ও ভবিষ্যৎ চন্দ্র অভিযানের জন্য দল গড়ে তুলতে চায় সংস্থাটি।